ফরিদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত আইজিপি (এইচআরএম) খন্দকার রফিকুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে তিনি ফরিদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজেম উদ্দীন এবং ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
এসময় অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে কথা বলেন এবং উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপনে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা পর্যালোচনা করেন এবং পুলিশ সদস্যদের সততা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এদিন ফরিদপুর জেলা পুলিশ ও স্থানীয় পূজা উদ্যাপন কমিটির নেওয়া সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন তিনি। ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে অসাম্প্রদায়িক চেতনা বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্যাপনের আহ্বান জানান।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় পূজা উদ্যাপন কমিটির নেতারা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












