দুটি ফ্যান, একটি ফ্রিজ ও বাতি চালিয়ে বিদ্যুৎ বিল ১ লাখ টাকা! বিলিং সহকারী প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৬, ১৪:৩২
অ- অ+

নোয়াখালীর চাটখিলে দুটি ফ্যান, একটি ফ্রিজ, কয়েকটি বাতি ও আইপিএস চালিয়ে এক আবাসিক গ্রাহকের সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিল এসেছে ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকা। এ নিয়ে সংবাদ প্রকাশের পর বিলটি সংশোধন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। এখন ওই গ্রাহককে বিল দিতে হবে ১ হাজার ২৩৮ টাকা। এ ঘটনায় এক বিলিং সহকারীকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।

ভুক্তভোগী গ্রাহকের নাম–শহীদুল ইসলাম ওরফে রনি। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হরিকৃষ্ণপুর গ্রামের বড় তফদার বাড়ির বাসিন্দা। তার ব্যবহৃত বিদ্যুৎ মিটারটি তার দাদা মৃত আবু তাহেরের নামে।

গতকাল মঙ্গলবার রাতে পল্লী বিদ্যুৎ সমিতির চাটখিল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জুনায়েদুর রহমান গ্রাহকের বাড়িতে গিয়ে সংশোধিত বিলের কপি হস্তান্তর করেন। এ সময় তিনি গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করেন।

এ বিষয়ে শহীদুল ইসলাম জানান, তার ঘরে কয়েকটি বাতি, দুটি ফ্যান, একটি ফ্রিজ ও আইপিএস চলে। এর বাইরে ভারী কোনো বৈদ্যুতিক সরঞ্জাম নেই। আগের পাঁচ মাসে তার বিদ্যুৎ ব্যবহারের গড় ছিল ১৮৭ ইউনিট। অথচ সেপ্টেম্বরে বিল করা হয়েছে ছয় হাজার ইউনিটের।

তিনি জানান, গত আগস্টে তার বিদ্যুৎ বিল এসেছিল ১ হাজার ৩২৬ টাকা। আর সেপ্টেম্বরে ভ্যাট ও বিলম্ব মাশুলসহ বিল আসে ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকা। এমন বিল দেখে হতবাক হয়ে যান তিনি। বিল প্রস্তুতে দায়িত্বে থাকা কর্মীদের গাফিলতির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেন শহীদুল ইসলাম। পরবর্তীতে সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে খবর প্রকাশের পর বিলটি সংশোধন করা হয় বলে জানান শহীদুল ইসলাম।

এদিকে ভুল বিল তৈরির ঘটনায় চাটখিল আঞ্চলিক কার্যালয়ের বিলিং সহকারী মমতাজ বেগমকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি। কমিটির প্রধান করা হয়েছে সমিতির সেনবাগ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মিনারুল ইসলামকে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিল সংশোধনের বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মকবুল আহমদ বলেন, মিটারের রিডিং ঠিকভাবেই নেওয়া হয়েছিল। এরপরও কেন ভুল বিল তৈরি হয়েছে, তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি
চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে অর্থনীতি-বিনিয়োগ
সাবেক দুই মেয়রসহ ঈশ্বরদী উপজেলা আ.লীগের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার