হিলি বাজারে উঠেছে শীতের সবজি, বেড়েছে সরবরাহ

শীত এখনো আসেনি। তবে দিনাজপুরের হিলির কাঁচাবাজারে শীতকালীন আগাম সবজি উঠতে শুরু করেছে। ফলে নতুন সবজির সরবরাহ বেড়েছে। এতে করে সব ধরনের সবজির দাম কমেছে। কিছুটা হলেও ক্রেতারা স্বস্তিতে কেনাকাটা করতে পারছেন।
স্থানীয় কাঁচাবাজারের বিক্রেতারা বলছেন, গেল দুইদিন আগেও যেসব সবজি চড়া দামে বিক্রি হয়েছে। সোমবার থেকে তা কমে এখন অর্ধেকে এসেছে।
একারণে দীর্ঘদিন পর হলেও ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে হিলি কঁচাবাজারে গিয়ে দেখা গেছে, দোকানিরা ডালায় ডালায় শীতকালীন হরেক রকমের সবজি সাজিয়ে রেখেছেন। কেউ ক্রেতাদের কাছে বিক্রিতে ব্যস্ত।
আবার অনেক মৌসুমি দোকানি ডালার সবজি বিক্রি শেষ করে দোকান তুলে নিচ্ছেন। এভাবেই প্রতিদিন সীমান্ত শহর হিলির কাঁচাবাজারে বেচাকেনায় মুখর থাকে।
কাঁচাবাজারের সবজি বিক্রেতা বিপ্লব শেখ জানান, বর্তমানে বাজারে সবজির সরবরাহ বেড়েছে। এরমধ্যে পটোল, করলা, মূলা, বেগুন, শিম, বরবটি, শাক, লাউ, পেঁপে, টমেটো, ফুলকপি, বাঁধাকপিসহ বিভিন্ন সবজির দাম কমেছে। দুই দিন আগের তুলনায় অধিকাংশ সবজির দাম কমে গেছে।
সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে। কিছুদিনের মধ্যে আরও দাম কমে আসবে। আরেক বিক্রেতা দেলোয়ার হোসেন জানান, প্রতি কেজি পটোল বিক্রি হচ্ছে ২০ টাকায়, গত পরশু ছিল ৪০ টাকা। করলার দাম ৮০ টাকা থেকে কমে ৪০ টাকা, মূলার দাম ৫০ টাকা থেকে কমে ৩০ টাকা এবং বেগুনের দাম ৬০ টাকা থেকে কমে ৩০-৪০ টাকা হয়েছে। এ ছাড়া প্রতি কেজি শিম ১৫০ টাকা থেকে কমে ১০০ টাকা, ফুলকপি ৮০ টাকা থেকে কমে ৫০ টাকা এবং বাঁধাকপি ৭০ টাকা থেকে কমে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রকার ভেদে আলু ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে, পেঁয়াজ ৪০ টাকা এবং কাঁচামরিচ ১০০ টাকা থেকে কমে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বাজারে অধিকাংশ সবজির দাম কমেছে। দীর্ঘদিন চড়া দামে সবজি কিনতে গিয়ে যারা হিমশিম খাচ্ছিলেন। দাম কমায় ক্রেতারা কিছুটা স্বস্তিতে কেনাকাটা করতে পারছেন।
সবজি কিনতে আসা ক্রেতা আরিফুল হক জানান, বাজারে সবজির দাম অনেক বেশি ছিল।
প্রতিটি সবজিই চড়া দামে কিনতে হয়েছে। এতে আমাদের মতো সাধারণ মানুষের সংসার চালাতে বেশ কষ্ট হচ্ছিল।
তবে বাজারে এসে দাম অনেক কম দেখছি। আরেক ক্রেতা নাজমুল ইসলাম বলেন, সংসারে খরচ মেটাতে হিমশিম খেতে হয়। তার উপরে যদি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেশি হয় তাহলে জীবন চালাতে খুব কষ্ট হয়। বাজারে এসে কাঁচাপণ্যের দাম কম দেখে কিছুটা স্বস্তি পেয়েছি।
(ঢাকা টাইমস/২০অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










