তিস্তা ও পদ্মায় ব্যারাজ নির্মাণের পরিকল্পনা
পালিয়ে যাওয়া স্বৈরাচার অর্থ দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা ছড়াচ্ছে: তারেক রহমান

দেশে শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা সৃষ্টির পেছনে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে, তারা অর্থ সরবরাহ করছে। অর্থ সরবরাহ করে কাদের সাহায্য করছে? একটি দল আছে, যারা দেশের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। এই দুই পক্ষ এক হয়েছে। একজন পয়সা দিচ্ছে সীমান্তের ওপার থেকে, আরেকজন এখানে বসে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে।’
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—যারা এই স্লোগান ও নীতিতে বিশ্বাস করে না, তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ বিষয়ে গোয়েন্দা তথ্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, দেশের কয়েকটি জায়গায় ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
দেশের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে যেন কেউ আর বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের অর্থনীতি, মানুষের জীবনমান ও ভাগ্য পরিবর্তনের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ স্থিতিশীলতা, কর্মসংস্থান ও শান্তি চায়। একই সঙ্গে তারা গণতান্ত্রিক চর্চা, অর্থনৈতিক অধিকার ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে চায়।
প্রধানমন্ত্রী বলেন, ১২ তারিখের নির্বাচনে জনগণ যেভাবে বিএনপির পাশে দাঁড়িয়েছে, আগামী পাঁচ বছরও তাদের সমর্থন অব্যাহত রাখতে হবে। যারা বিভিন্ন সময়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর অনুপস্থিতি নিয়ে সমালোচনা
২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকার ওসমানী উদ্যানে স্মৃতিস্তম্ভ নির্মাণের কথা তুলে ধরেন তারেক রহমান।
তিনি বলেন, গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবারের পাশে বিএনপি দাঁড়িয়েছে। শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা চলছে। আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু জুলাই আন্দোলনকে ধারণ করার কথা বলা দলগুলোর কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না বলে তিনি অভিযোগ করেন।
তারেক রহমান বলেন, মুখে এক কথা বলা হলেও কাজে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। ১৯৭১ সালের মতো ২০২৪ সালের জুলাই আন্দোলন নিয়েও কিছু দল জনগণকে বিভ্রান্ত করেছে বলে মন্তব্য করেন তিনি।
তিস্তা ও পদ্মায় ব্যারাজ নির্মাণের পরিকল্পনা
রাজশাহীর পদ্মা নদীর পানিপ্রবাহ কমে যাওয়ার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কৃষি ও দেশের উন্নয়নের স্বার্থে পানির সমস্যা সমাধান করা প্রয়োজন।
তিনি বলেন, বিএনপি তিস্তা ও পদ্মা নদীতে ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে পানির সংকট দূর করার চেষ্টা করা হবে।
তারেক রহমান বলেন, পানির সমস্যা যারা তৈরি করেছে, তাদের সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজনে বাংলাদেশের মানুষের পানির ন্যায্য হিস্যা আদায়ে যত দূর যেতে হয়, সরকার তত দূর যাওয়ার চেষ্টা করবে।
তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, বাংলাদেশের পানির হিস্যা আমরা নিয়ে আসার চেষ্টা করব।’
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













