জমি না লিখে দেওয়ায় বাবার চিকিৎসায় বাধা, ‘জেল-ফাঁসি হলেও সমস্যা নেই’

গাজীপুরের শ্রীপুরে জমি নিজের নামে লিখে না দেওয়ায় ১৩৫ বছর বয়সী বৃদ্ধ বাবাকে হাসপাতালে নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে আব্দুল কাদিরের বিরুদ্ধে। তাঁর দাবি, নিজের অংশের জমি রেজিস্ট্রি করে না দেওয়া পর্যন্ত বাবাকে হাসপাতালে নিতে দেবেন না তিনি। এ জন্য জেল-ফাঁসি হলেও তাঁর কোনো সমস্যা নেই বলেও মন্তব্য করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি শক্তি থাকলে বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি।
এদিকে গুরুতর অসুস্থ বৃদ্ধ মন্সুর আলী শেখ দীর্ঘদিন ধরে বাড়িতে বিছানায় পড়ে রয়েছেন। পরিবারের সদস্যদের দাবি, প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার অভাবে তাঁর শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে। বাড়ির সামনে টিনের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় তাঁকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের ঢালীপাড়া এলাকায় এ ঘটনা সামনে আসে। বৃদ্ধের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
পরিবারের অভিযোগ, মন্সুর আলী শেখের জমি রেজিস্ট্রি করে দেওয়াকে কেন্দ্র করে তাঁর দুই ছেলে আব্দুল কাদির ও আব্দুর রশিদের সঙ্গে বিরোধ চলছে। জমি লিখে না দেওয়ায় বাবার চিকিৎসার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বৃদ্ধের আরেক ছেলে আবু সাঈদ।
আবু সাঈদ জানান, তাঁর বাবা গুরুতর অসুস্থ। দীর্ঘদিন ধরে বাড়িতে বিছানায় পড়ে থাকায় এবং যথাযথ চিকিৎসা না পাওয়ায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে। এ অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া প্রয়োজন হলেও দুই ভাইয়ের বাধার কারণে তা সম্ভব হচ্ছে না বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, অভিযুক্ত আব্দুল কাদিরের বিরুদ্ধে অভিযোগ, নিজের অংশের জমি লিখে না দেওয়া পর্যন্ত তিনি বাবাকে হাসপাতালে নিতে দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। এ জন্য জেল-ফাঁসি হলেও তাঁর সমস্যা নেই বলে মন্তব্য করেছেন তিনি। এমনকি শক্তি থাকলে বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথাও বলেছেন বলে অভিযোগ উঠেছে।
এ ছাড়া বৃদ্ধের বাড়ির সামনে টিনের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগও করেছেন পরিবারের সদস্যরা। এতে অসুস্থ বৃদ্ধকে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে বলে তাঁদের দাবি।
স্থানীয় বাসিন্দারা জানান, জমিজমা নিয়ে বিরোধ থাকলেও একজন গুরুতর অসুস্থ বৃদ্ধের চিকিৎসা বন্ধ থাকা উদ্বেগজনক। তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা জরুরি। এ জন্য তাঁরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
পরিবারের সদস্যরা জানান, বৃদ্ধকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে স্থানীয়ভাবে চেষ্টা করা হলেও সফল হওয়া যায়নি। এ পরিস্থিতিতে তাঁরা উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। দ্রুত প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে বৃদ্ধকে হাসপাতালে নেওয়া, তাঁর চিকিৎসা নিশ্চিত করা এবং চলাচলের পথে প্রতিবন্ধকতা দূর করার দাবি জানিয়েছেন তাঁরা।
বৃদ্ধ মন্সুর আলী শেখের চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, জমিজমা নিয়ে বিরোধের কারণে যেন একজন গুরুতর অসুস্থ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।
(ঢাকা টাইমস/২০অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন









