পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

পাঁচ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। আজ বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে এ কর্মসূচি শুরু হয়।
ইন্টার্ন ডক্টরস সোসাইটি, রামেকের সভাপতি ডা. এস এম তপু কর্মবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) সংগঠনটির এক জরুরি বিজ্ঞপ্তিতে কর্মবিরতির কারণ তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। পাশাপাশি অতিরিক্ত দর্শনার্থীদের অবাধ প্রবেশ এবং আনসার সদস্যদের দায়িত্বে অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকেরা নিয়মিত হেনস্তার শিকার হচ্ছেন। এরই মধ্যে কয়েকজন ইন্টার্ন চিকিৎসককে হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোগীর স্বজনদের হুমকির মুখে নারী ইন্টার্ন চিকিৎসকদের সিভিল পোশাকে ওয়ার্ড ছাড়তে বাধ্য হতে হয়েছে। এ ছাড়া অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর অতিরিক্ত চাপ সামলাতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।
ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ বারবার সমস্যা সমাধানের আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন করেনি। ফলে বাধ্য হয়ে তাঁরা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন।
ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা।
২. ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা।
৩. একজন রোগীর সঙ্গে দুজনের বেশি দর্শনার্থীর প্রবেশ বন্ধ করা।
৪. রোগী ভর্তি ও ভর্তি-পরবর্তী সময়ে সব ওয়ার্ডে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা।
৫. অবিলম্বে ক্যাজুয়ালটি বিভাগ চালু করা।
সংগঠনটির বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
(ঢাকাটাইমস/২১ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












