বৃহস্পতিবার থেকে ফের অবরোধ, পর্যটকদের সাজেক ছাড়ার আহ্বান

রাঙামাটির সাজেক পর্যটন সড়কে আবারও অবরোধের ঘোষণা দিয়েছেন স্থানীয় দুটি সংগঠনের নেতারা। জেএসএসের সশস্ত্র সদস্যদের সন্ত্রাস ও উৎপাত বন্ধসহ তিন দফা দাবি পূরণ না হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার থেকে এ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের আজকের মধ্যে এলাকা ছাড়ার অনুরোধ জানানো হয়েছে।
বুধবার সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গত ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। এর আগে ১১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ শুরু করেন স্থানীয় লোকজন। পরে প্রশাসন ৪৮ ঘণ্টার মধ্যে তিন দফা দাবি পূরণ এবং জেএসএসের সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করা হয়।
তবে প্রশাসন প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় গত ১৫ অক্টোবর আবারও সাজেক পর্যটন সড়কে অবরোধ পালন করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
দুই সংগঠনের নেতাদের অভিযোগ, জেএসএসের সশস্ত্র সদস্যরা এখনো আগের অবস্থানগুলোতে রয়েছেন। তাদের দাবি, সশস্ত্র গ্রুপের কোম্পানি কমান্ডার চিনু মারমা ও সাইমন চাকমার নেতৃত্বে সাজেকের মাচলঙ এলাকার থালকুম্ভো, চিল্ল্যাতুলি কুটির, নোয়াপাড়া, লাম্বাবাক ও ভুয়োছড়ি এলাকায় প্রকাশ্যে সশস্ত্র তৎপরতা চালানো হচ্ছে।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, শতাধিক সাধারণ মানুষকে মৃত্যুর হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ঘরছাড়া করা হয়েছে। গ্রামবাসীদের মুঠোফোনও কেড়ে নেওয়া হয়েছে। ভয়ে সাধারণ জুমচাষিরা জুমে হলুদ ও ঝাড়ুফুলের বাগান পরিষ্কারের কাজে যেতে পারছেন না।
দুই সংগঠনের নেতারা বলেন, এলাকার মানুষের নিরাপত্তা ও জানমাল রক্ষা এবং সশস্ত্র সদস্যদের সন্ত্রাস ও উৎপাত বন্ধে তাদের উল্লিখিত এলাকা থেকে সরিয়ে না নেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।
বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন সড়কে অবরোধ চলবে। এ অবস্থায় সাজেকে ভ্রমণে থাকা পর্যটকদের আজকের মধ্যে পর্যটন এলাকা ছেড়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












