যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন, কূটনৈতিক সমাধান চান জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২৬, ২১:৪১
অ- অ+

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে সম্মুখসারিতে যুদ্ধবিরতি কার্যকর করে কূটনৈতিক আলোচনায় বসতে ইউক্রেন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, যুদ্ধের বর্তমান অবস্থান থেকে সংঘাত থামিয়ে আলোচনার মাধ্যমে শান্তির পথ খোঁজা যেতে পারে।

বুধবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেন।

জেলেনস্কি বলেন, যুদ্ধ বন্ধের একটি বাস্তবসম্মত উপায় হতে পারে বর্তমান অবস্থানে সংঘাত থামিয়ে দেওয়া। এরপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা আদায়ে উদ্যোগ নেবে কিয়েভ। তাঁর মতে, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তাঁরা রাশিয়ার কাছ থেকে অন্তত একটি যুদ্ধবিরতি প্রত্যাশা করছেন। যুদ্ধবিরতি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করে নিরাপত্তার নিশ্চয়তা আদায়ের চেষ্টা করা হবে।

দনবাস ছাড়ার প্রশ্নে অনড় জেলেনস্কি

যুদ্ধের অবসানের বিনিময়ে ইউক্রেন দনবাস অঞ্চল ছেড়ে দিতে রাজি হবে কি না, এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি রাশিয়ার সামরিক সাফল্যের দাবি নাকচ করেন। তাঁর অভিযোগ, ইউক্রেনকে নিজেদের ভূখণ্ড থেকে সরে যেতে বাধ্য করতে চাপ দিচ্ছে মস্কো।

জেলেনস্কির দাবি, ২০২৬ সালে যুদ্ধক্ষেত্রে রাশিয়া উল্লেখযোগ্য সাফল্য পায়নি। তিনি বলেন, রাশিয়া যুদ্ধক্ষেত্রে জিতছে না।

দীর্ঘদিনের যুদ্ধে ইউক্রেনের মানুষ ক্লান্ত হয়ে পড়েছেন বলে স্বীকার করেন জেলেনস্কি। তবে যুদ্ধের ক্লান্তির কারণে দেশের ভূখণ্ড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্টের ভাষ্য, যুদ্ধ বন্ধের আলোচনা শুরু করতে হবে যুদ্ধক্ষেত্রে দুই পক্ষের বর্তমান অবস্থানকে ভিত্তি করে। এরপর কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তি পরিকল্পনা তৈরি করা সম্ভব।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে বৈঠক

এর আগে মঙ্গলবার নরওয়ের রাজধানী অসলোতে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। বৈঠকটিকে ‘ফলপ্রসূ’ বলে বর্ণনা করেন তিনি। আলোচনার আয়োজন করায় নরওয়ের প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

বৈঠকে ইউরোপের কয়েকজন নেতা ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার, যিনি দূর থেকে আলোচনায় যুক্ত হন।

জেলেনস্কি বলেন, বৈঠকে শান্তির পথে এগিয়ে যাওয়ার সম্ভাব্য পদক্ষেপগুলো নিয়ে আলোচনা হয়েছে। রাশিয়া সফরে উইটকফের আলোচনার ফলাফল থেকেও ইতিবাচক সাড়া পাওয়ার আশা করছেন তিনি।

সংঘাত কমানোর প্রাথমিক পদক্ষেপ হিসেবে খাদ্যনিরাপত্তা, সমুদ্রপথে কার্যক্রম এবং জ্বালানি অবকাঠামো ঘিরে যুদ্ধবিরতির সম্ভাবনার কথাও তুলে ধরেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালানি অবকাঠামো ঘিরে যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছেন, সেটিকে তিনি শুরু থেকেই সমর্থন করে আসছেন।

জেলেনস্কি আশা প্রকাশ করেন, কয়েক ঘণ্টার মধ্যেই আলোচনার বিষয়ে কিছু ফলাফল পাওয়া যেতে পারে।

সূত্র: আনাদোলু

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিহত যুবদল নেতার মাথার খুলির ভেতরে গুলি পাওয়া গেছে: পুলিশ
খুলনায় বাস-ট্রা‌ক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ 
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে নতুন তথ্য কনস্যুলেটের চিঠিতে
১৬০ রানেই অলআউট বাংলাদেশ, ফাইনালে উঠতে দরকার ৪১ রানের জয়