ইউনিসেফের প্রকল্পে চাকরির প্রলোভনে হাজারো প্রার্থীর টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এর প্রকল্পে চাকরি দেওয়ার নামে হাজারো চাকরিপ্রার্থীর কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন –মো. মোজাম্মেল হক (২৯) ও মো. আল আমিন সরদার (২৫)।
গতকাল বুধবার রাতে সাভারের রেডিও কলোনি ও মোহাম্মদপুরের জহুরী মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিবি জানায়, ফেসবুকে ‘Bangladesh Real Job’ নামের একটি পেজ থেকে ইউনিসেফের নাম ও লোগো ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছিল চক্রটি। চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদন ফরমের জন্য প্রথমে ৫৮০ টাকা নেওয়া হতো। পরে চূড়ান্ত নিয়োগের প্রলোভন দেখিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে আরও ২ হাজার ৫৮০ টাকা আদায় করা হতো। টাকা পাওয়ার পরপরই বন্ধ করে দেওয়া হতো সংশ্লিষ্ট মোবাইল নম্বর।
ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের নিয়মিত সাইবার নজরদারিতে বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় রমনা থানায় মামলা করা হয়। পরে প্রযুক্তির সহায়তায় বুধবার রাত ১২টা ১০ মিনিটের দিকে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে মোহাম্মদপুরের জহুরী মহল্লার একটি বাসা থেকে আল আমিন সরদারকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে প্রতারণায় ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস, ফেসবুক পেজ ও মোবাইল সিম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, গত দুই থেকে তিন বছর ধরে বুস্টিং ও বিজ্ঞাপনের মাধ্যমে হাজারো চাকরিপ্রার্থীর কাছ থেকে তারা বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিলেন।
গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে ডিবি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













