মানিকগঞ্জে বাসের ধাক্কায় দুজন নিহত 

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৬, ১৯:১৪
অ- অ+

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের ধাক্কায় অটোরিকশার যাত্রীসহ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপর বাস ভাঙচুর করে মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ডে এই ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— ঘিওর উপজেলার মৌহালী গ্রামের শাহীন মিয়ার ছেলে ইয়াসিন আরাফাত (২২) এবং একই গ্রামের মোজাহারের ছেলে অটোরিকশাচালক বাবলু মিয়া (২৮)। আহতরা হলেন, নিহত ইয়াসিনের বাবা শাহীন মিয়া (৪৫) ও মা রোজিনা আক্তার (৪০)।

এ ঘটনার পরে স্থানীয়রা কয়েক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে জেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এদিকে, বাস মালিক সমিতির সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ঢাকা- মহাসড়কে সেলফি পরিবহনের বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঘিওরের মৌহালী গ্রাম থেকে পরিবারের সদস্যদের নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় বরংগাইল হাটের উদ্দেশে রওনা হন শাহীন মিয়া। বরংগাইল বাসস্ট্যান্ডের কাছে গন্তব্যে পৌঁছানোর ঠিক আগমুহূর্তে পাটুরিয়া থেকে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাস পেছন থেকে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী ইয়াসিন আরাফাতের মৃত্যু হয়।

গুরুতর আহত অটোরিকশাচালক বাবলু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আহত শাহীন মিয়া ও রোজিনা আক্তারকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে শাহীন মিয়ার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা সেলফি পরিবহনের বাসটি ভাঙচুর করে এবং ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দীর্ঘ যানজটে শিশু, নারী ও বয়স্ক যাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দুর্ভোগে পড়েন।

তিনি বলেন, অবরোধকারীদের অভিযোগ, সেলফি পরিবহনে একের পর এক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পরিবহণটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সময়ে মানববন্ধন করেছেন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন। তবে এসব উদ্যোগের পরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাঁদের।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সেলফি পরিবহনের বিরুদ্ধে একাধিক দুর্ঘটনায় হতাহতের অভিযোগ রয়েছে। অবরোধকারীদের সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ভিডিও কলে কথা বলেছেন। পরিবহণটির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। পরে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, বাস মালিক সমিতির সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগপর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাস চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

(ঢাকা টাইমস/২২অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান হাসপাতালে ভর্তি
যশোরে সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ, বাতিলের দাবি পাঁচ এমপির
মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর
আ. লীগের সঙ্গে জামায়াত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে: রাশেদ খাঁন