যমুনা ফিউচার পার্কে জেমসের কনসার্টে বিশৃঙ্খলা, নিরাপত্তাহীনতায় তরুণীরা

রাজধানীর যমুনা ফিউচার পার্কে ব্যান্ড তারকা জেমসের কনসার্ট ঘিরে বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। নির্ধারিত টিকিট ছাড়া দর্শকদের প্রবেশ, নিরাপত্তাবেষ্টনী ভাঙচুর, ধাক্কাধাক্কি ও পাথর ছোড়ার অভিযোগে আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শক-শ্রোতারা। বিশেষ করে নারী দর্শকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কে ‘রক এন রিদম ৫: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান আকর্ষণ ছিলেন ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস ও তাঁর দল নগরবাউল।
কনসার্টে প্রিয় শিল্পীর গান সরাসরি উপভোগ করতে দুপুর থেকেই ভেন্যুর সামনে ভিড় জমাতে শুরু করেন ভক্তরা। সন্ধ্যার দিকে দর্শক-শ্রোতাদের উপস্থিতিতে পুরো এলাকা ভরে ওঠে। একপর্যায়ে জেমস মঞ্চে ওঠার সময় দর্শকদের ভিড় বাড়তে থাকলে নিরাপত্তাবেষ্টনী ভেঙে অনেকে ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ উঠেছে।
এতে কনসার্টস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। টিকিট কেটে অনুষ্ঠান দেখতে আসা দর্শকদের অনেকে অতিরিক্ত ভিড় ও অব্যবস্থাপনার কারণে ভোগান্তিতে পড়েন। কাঙ্ক্ষিত পরিবেশে অনুষ্ঠান উপভোগ করতে না পেরে তাঁদের কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে প্রধান প্রবেশপথ খুলে দেওয়া হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
কনসার্ট শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন দর্শক-শ্রোতারা। বিভিন্ন ব্যান্ডভিত্তিক গ্রুপেও এ নিয়ে পোস্ট দেন অনেকে। এসব পোস্টে টিকিট ছাড়া দর্শকদের প্রবেশ ও আয়োজকদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। একজন লিখেছেন, ‘কনসার্টের গেট ভাঙার জন্য ঢাকার মানুষেরা সেরা।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে কনসার্টস্থলে হট্টগোল ও বিশৃঙ্খলার দৃশ্য দেখা যায়। কিছু দর্শককে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শোনা যায়। অন্য কয়েকটি ভিডিওতে নিরাপত্তাবেষ্টনী ভাঙা ও ছেঁড়া অবস্থায় দেখা গেছে। কয়েকজনকে সেই বেষ্টনী টপকে ভেতরে প্রবেশের চেষ্টাও করতে দেখা যায়।
এদিকে, কনসার্টে উপস্থিত কয়েকজন দর্শক তাঁদের লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ করেছেন। তাঁদের দাবি, ছোড়া পাথরের কিছু শরীরেও লাগে। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন এক দর্শক। এ ছাড়া কনসার্টস্থলে মাদক নিয়ে প্রবেশ, ধাক্কাধাক্কি ও মারধরের অভিযোগও তুলেছেন কেউ কেউ।
এসব ঘটনায় টিকিট কেটে কনসার্ট দেখতে যাওয়া দর্শকদের অনেকে আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। বিশেষ করে বিশৃঙ্খল পরিস্থিতিতে তরুণীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
(ঢাকাটাইমস/২৪ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













