আসিফের গাড়িতে গুলি, হামলার নেপথ্যে কে?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৬, ১৪:০৮| আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৪:১২
অ- অ+

রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিকভাবে সিএনজিচালিত অটোরিকশায় এসে গুলি ছোড়ার সন্দেহ করছে পুলিশ। হামলাকারীকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন সূত্র ধরে তদন্ত চলছে।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কের পাশে বিশাল সেন্টার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশ জানায়, বিশাল সেন্টার মার্কেটের সামনের ফুটপাতের পার্কিংয়ে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি রাখা ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশায় এসে এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়েন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আসিফ আকবর ও তার এক বন্ধুর উপস্থিতিতে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে সেটি জব্দ করে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টার মার্কেটের তৃতীয় তলায় নিজের অফিসে ছিলেন। ফলে তিনি গাড়িতে ছিলেন না। তবে তাকে লক্ষ্য করেই গুলি ছোড়া হয়েছিল কি না, কিংবা এর পেছনে কোনো ব্যক্তিগত বা পেশাগত বিরোধ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। কী কারণে গুলির ঘটনা ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। আসিফ আকবরও এ বিষয়ে কোনো কিছু বলতে পারেননি। গাড়িটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। বিভিন্ন সূত্র ধরে তদন্ত চলছে।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত কমিশনার) মো. আবুল বাশার তালুকদার ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণের মাধ্যমে হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে। তবে গুলি ছোড়ার উদ্দেশ্য এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হলে বাতিল হতে পারে ভিসা, সতর্ক করল ঢাকার দূতাবাস
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা দূতাবাসের
রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের অপেক্ষা