ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি ও বিরতির স্টেশন

ঢাকা থেকে কক্সবাজার রুটে যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস। আগামী সোমবার (২৬ অক্টোবর) থেকে ট্রেনটির রুট কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। একই সঙ্গে কার্যকর হবে নতুন সময়সূচি। এতে ঢাকা-চট্টগ্রাম রুটের মধ্যবর্তী বিভিন্ন স্টেশনের যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে মহানগর এক্সপ্রেসের প্রথম যাত্রার উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। ট্রেনটি রাত ৩টায় চট্টগ্রাম পৌঁছানোর কথা রয়েছে। পরে রাত ৩টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।
মহানগর এক্সপ্রেসের নতুন সময়সূচি
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে।
ফিরতি পথে ট্রেনটি কক্সবাজার থেকে সকাল ৮টায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
যেসব স্টেশনে থামবে ট্রেন
মহানগর এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করায় ঢাকা বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনের যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
এতদিন ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস বিরতিহীন হওয়ায় মধ্যবর্তী এসব স্টেশনের যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যেতে পারতেন না। মহানগর এক্সপ্রেসের নতুন রুট চালু হলে তাঁদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কোচ ও আসনসংখ্যা
ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসে থাকবে ১৬টি কোচ। এতে আসনসংখ্যা হবে ৭০৬ থেকে ৭৩৬টি। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে রোববার।
রেলওয়ে সূত্র জানায়, নতুন রুটে ট্রেন চলাচল শুরুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত ১৬ অক্টোবর থেকে এ রুটের টিকিট বিক্রিও শুরু হয়েছে।
নতুন এই সেবা চালুর ফলে মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীদের কক্সবাজার ভ্রমণ সহজ হওয়ার পাশাপাশি পর্যটকের সংখ্যা ও রেলওয়ের আয় বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।
(ঢাকাটাইমস/২৪ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













