গোপালগঞ্জে পিকআপের চাপায় বাবা-মেয়ে নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের চাপায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন।
রবিবার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গ্যাড়াখোলা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার মেয়ে সামিরা আক্তার (৬)।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপালগঞ্জগামী একটি মাছবাহী পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দিয়ে উল্টে যায়। এতে ভ্যানে থাকা সাইফুল ইসলাম রঞ্জু ও তার মেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
(ঢাকা টাইমস/২৫অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










