রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দিনদুপুরে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শাফিকুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ সময় তার মাথা ও হাতে মারাত্মক জখম করে নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
আহত শাফিকুল ইসলাম ওই এলাকার জাঙ্গির গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভুক্তভোগী শাফিকুল ইসলামের পরিবারের সাথে বিবাদীদের জমি নিয়ে বিরোধ চলমান। এরই জেরে শনিবার দুপুরে শাফিকুল ইসলামকে একা পেয়ে ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা অতর্কিত হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে মো. মতিন (৩০) ধারালো রামদা দিয়ে শাফিকুলের মাথায় সজোরে কোপ মারলে কপাল বরাবর গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। এছাড়া মো. তোতা মিয়া (৫০) ও রওশনারা (৪৫) নামের এক নারী তার হাতে থাকা কাঠের ডাসা দিয়ে আঘাত করে শাফিকুলের ডান হাতের কনুইয়ে গুরুতর হাড়ভাঙ্গা জখম করেন। তার সাথে থাকা নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগে করা হয়।
ভুক্তভোগীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে প্রাণনাশের ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় শফিকুল ইসলাম বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন বলেন, অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকা টাইমস/২৫অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












