ফেব্রুয়ারির মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু: পানিসম্পদমন্ত্রী

আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের যেকোনো সময় প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়ার পদ্মা নদীর পাড়ে কারিগরি বিষয়ে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে আমাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক তৃতীয়াংশ জনগোষ্ঠী সম্পূর্ণ সুবিধা পাবে, মানে ৭ কোটি মানুষ সুবিধা পাবে। এটা আমাদের মাস্টারমাইন্ড প্রকল্প এবং কঠিন চ্যালেঞ্জ। আমরা নির্বাচিত হওয়ার মাত্র আড়াই মাসের মাথায় এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। আমরা আশা করছি, ৫০-৫৫ হাজার কোটি টাকার মধ্যে প্রকল্প বাস্তবায়ন হবে। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের যেকোনো সময় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- পানিসম্পাদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুল রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, পাবনা- সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, পদ্মা ব্যারেজ প্রকল্পের পরিচালক হাসান মাহমুদ, জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশ্রাফ।
(ঢাকা টাইমস/২৫অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












