পাঠ্যবইয়ের ছবি নিয়ে বিতর্ক, এনসিটিবির ১০ কর্মকর্তা বদলি

২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যবইয়ে বিভিন্ন ছবি ব্যবহার নিয়ে রাজনৈতিক বিতর্কের জেরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রাথমিকের পাঠ্যবইয়ের ছবি নিয়ে বিতর্কের মধ্যে এনসিটিবির নয় কর্মকর্তাকে বদলির কথা জানানো হয়। এর আগে রবিবার এনসিটিবির আরেক কর্মকর্তাকে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হিসেবে বদলি করা হয়।
সোমবার বদলি হওয়া কর্মকর্তারা হলেন কামরুল হক ভূঞা, হুমায়ুন কবীর, আহসানুল আরেফিন চৌধুরী, আবু হানিফ, রেজাউল করিম, মনির হোসেন মজুমদার, মাহমুদ বিন আমিন, আফসানা আইয়ুব ও এস এম আসাদুজ্জামান। তাঁরা সবাই বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। তাঁদের বিভিন্ন সরকারি কলেজে পাঠানো হয়েছে।
এর আগে রোববার আব্দুল্লাহ আল জোবায়ের নামের এনসিটিবির আরেক কর্মকর্তাকে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বদলি করা হয়। তাঁকেও রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হিসেবে পদায়ন করা হয়েছে।
এনসিটিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কয়েক দিন আগে ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বইয়ে একটি রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার নিয়ে বিতর্ক শুরু হয়। এরপর বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে পাঠ্যবইয়ে বিভিন্ন ছবি ব্যবহার নিয়ে আরও বিতর্ক তৈরি হয়।
ওই কর্মকর্তা জানান, প্রাথমিকের বাংলা ও ইংরেজি বইয়ে নৌকার ছবি বেশি ব্যবহৃত হয়েছে বলেও আলোচনা চলছিল। এসব বিতর্কের কারণে দাপ্তরিক কাজের পরিবেশ ব্যাহত হচ্ছিল। এ পরিস্থিতিতে কাজের পরিবেশ স্বাভাবিক করতে সরকারের উচ্চপর্যায় থেকে দুই পক্ষের কিছু কর্মকর্তাকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













