আগামীকাল আকাশে দেখা যাবে ‘উলফ সুপারমুন’

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৬, ১৪:০৬| আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১৪:২২
অ- অ+

আগামীকাল শনিবার ৩ জানুয়ারি আকাশে দেখা যাবে পূর্ণ ‘উলফ সুপারমুন’। বিশেষ কয়েকটি মহাজাগতিক ঘটনার সমাপতনে এদিন চাঁদ স্বাভাবিকের চেয়ে বড় ও বেশি উজ্জ্বল দেখাবে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, পূর্ণিমার সময় চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছের অবস্থানে থাকে, তখন তাকে সুপারমুন বলা হয়। এই নিকটবর্তী অবস্থানকে বলা হয় পেরিজি।

আগামীকাল ৩ জানুয়ারি চাঁদ পৃথিবীর অনেকটা কাছে থাকবে। সেটিও পৃথিবী থেকে প্রায় ৩ লাখ ৬২ হাজার ৩১২ কিলোমিটার দূর। এ সময় চাঁদ স্বাভাবিকের চেয়ে প্রায় ১৪ শতাংশ বড় এবং প্রায় ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখা যাবে।

এই উজ্জ্বলতা বাড়ার কারণ- এ বছরের উলফ সুপারমুন পৃথিবীর পেরিহেলিয়নের খুব কাছাকাছি সময়ে ঘটছে। পেরিহেলিয়ন হলো সেই সময়, যখন পৃথিবী সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে। সাধারণত জানুয়ারির শুরুতে এই ঘটনা ঘটে।

পেরিহেলিয়নের সময় পৃথিবী সূর্যের গড় দূরত্বের তুলনায় প্রায় ৩.৪ শতাংশ বেশি কাছে থাকে। ফলে সূর্যের আলো কিছুটা বেশি পরিমাণে পৃথিবী ও চাঁদের ওপর পড়ে, যার প্রভাব পড়ে চাঁদের উজ্জ্বলতায়।

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, উত্তর গোলার্ধে ৩ জানুয়ারি রাতে আবহাওয়া অনুকূলে থাকলে খালি চোখেই চাঁদের এই দৃশ্য উপভোগ করা যাবে।

সুপারমুন কী

বছরে প্রায় ১৩ বার চাঁদ পেরিজিতে পৌঁছালেও পেরিজির সময় পূর্ণিমা বা অমাবস্যা হলেই কেবল সেটিকে সুপারমুন বলা হয়।

জানুয়ারির পূর্ণিমার চাঁদকে এমনিতে ‘উলফ মুন’ বলা হয়। এবছর এই উলফ মুন একসঙ্গে পেরিজি ও পেরিহেলিয়নের কাছাকাছি সময়ে ঘটছে বলে এটি হয়ে উঠছে ‘উলফ সুপারমুন’।

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৪ নভেম্বরের আগে আর কোনো পূর্ণ সুপারমুন দেখা যাবে না।

(ঢাকাটাইমস/২জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুষ্কৃতকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে: সিপিবি
জামায়াতের থেকে নেওয়া ভিক্ষার ১০০ কোটি টাকা পরিশোধেই এনসিপির গণভিক্ষা কর্মসূচি: রাশেদ খাঁন 
দেশে এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ ভালো: মন্ত্রীকে অপারেটররা
চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান