১২ আগস্ট পূর্ণ সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে

ইন্টারন্যাশনাল ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২৬, ২০:২৯
অ- অ+

আগামী বুধবার, ১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণ হতে যাচ্ছে। চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেওয়ার এই মহাজাগতিক ঘটনা দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, স্পেন ও পর্তুগালের একটি ছোট অংশ থেকে। এ ছাড়া ইউরোপ, উত্তর-পশ্চিম আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

পূর্ণগ্রাসের সর্বোচ্চ স্থায়িত্ব হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড। এ সময় চাঁদের ছায়ার সরাসরি পথের মধ্যে থাকা মানুষজনের কাছে সূর্য পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে।

ইউরোপে সবচেয়ে ভালো দৃশ্য

পূর্ণ সূর্যগ্রহণের সরাসরি পথ বা ‘পাথ অব টোটালিটি’ উত্তর রাশিয়া থেকে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড হয়ে আটলান্টিক পেরিয়ে স্পেন ও পর্তুগালের দিকে যাবে। স্পেনের লিওন, ভ্যালেন্সিয়া ও জারাগোজার মতো শহর পূর্ণগ্রাসের পথে রয়েছে। নাসার তথ্য অনুযায়ী, লিওনে স্থানীয় সময় রাত ৮টা ২৮ মিনিটে পূর্ণগ্রাস শুরু হয়ে প্রায় দুই মিনিট স্থায়ী হবে।

মাদ্রিদ ও বার্সেলোনায় পূর্ণগ্রাস দেখা যাবে না। তবে সেখানে সূর্যের প্রায় ৯৯ শতাংশ পর্যন্ত চাঁদের আড়ালে চলে যাবে। প্যারিসে প্রায় ৯২ শতাংশ, লন্ডনে ৯১ শতাংশ এবং বার্লিনে ৮৫ শতাংশ সূর্য ঢাকা পড়বে।

উত্তর-পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশেও গ্রহণটি আংশিকভাবে দেখা যাবে। আলজিয়ার্সে সূর্যের প্রায় ৯৬ শতাংশ এবং কাসাব্লাঙ্কায় প্রায় ৮৭ শতাংশ ঢেকে যাবে। অনেক এলাকায় গ্রহণ চলাকালেই সূর্য অস্ত যাবে।

উত্তর আমেরিকাতেও আংশিক গ্রহণ

উত্তর আমেরিকার বেশ কিছু এলাকায়ও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। আলাস্কা ও কানাডার বিভিন্ন অঞ্চলে গ্রহণটি দৃশ্যমান হবে। নাসার হিসাবে, আলাস্কার ফেয়ারব্যাংকসে সূর্যের সর্বোচ্চ প্রায় ৩৭ শতাংশ এবং কানাডার সেন্ট জনসে ৫৩ শতাংশ পর্যন্ত ঢাকা পড়তে পারে। যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চলে গ্রহণের মাত্রা তুলনামূলকভাবে কম হবে।

বাংলাদেশ থেকে দেখা যাবে?

১২ আগস্টের এই পূর্ণ সূর্যগ্রহণের দৃশ্যমানতার তালিকায় বাংলাদেশ নেই। পূর্ণগ্রাসের পথ মূলত উত্তর গোলার্ধের উত্তর আটলান্টিক ও ইউরোপের দিকে বিস্তৃত। তাই বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না।

সূর্যগ্রহণ দেখার সময় নিরাপত্তার বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে নাসা। পূর্ণগ্রাসের কয়েক মুহূর্ত ছাড়া সূর্যের দিকে সরাসরি তাকানো নিরাপদ নয়; আংশিক গ্রহণ দেখার ক্ষেত্রে অবশ্যই মানসম্মত সৌর-পর্যবেক্ষণ চশমা বা উপযুক্ত সৌর ফিল্টার ব্যবহার করতে হবে।

পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ হবে ২০২৭ সালের ২ আগস্ট। সেটি দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা, সৌদি আরব ও ইয়েমেনের বিভিন্ন এলাকা থেকে পূর্ণগ্রাস হিসেবে দেখা যাবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা, এনটিআরসিএ দেবে শুধু সনদ
‘আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’ নামে নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ
ছাত্রদল নেতা আফসানের উদ্যোগে লামায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
কদমতলীতে পাঁচটি ককটেলসহ যুবক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা