আকাশছোঁয়া স্বর্ণের দাম দেশের বাজারে, ভরি ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা

বিশ্বের অন্যতম সেরা সম্পদ স্বর্ণ আকাশছোঁয়া দাম হওয়ায় এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এরই মধ্যে দেশের স্বর্ণবাজারে আবারও দামের উর্ধ্বগতি। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে স্বর্ণ কিনতে এখন আগের তুলনায় আরও বেশি টাকা খরচ করতে হবে। তবে রূপার দাম অপরিবর্তিত রয়েছে।
গতকাল রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধি করেছে। এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা করে দাম বাড়ানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। এছাড়া:
- ২১ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা
- ১৮ ক্যারেট: ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি বাজুস দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরি প্রতি ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেই সমন্বয় কার্যকর হয়েছিল ৯ জানুয়ারি থেকে।
চলতি বছর এটি দেশের বাজারে পাঁচবারের মতো স্বর্ণের দাম সমন্বয়। যেখানে দাম ৩ দফা বাড়ানো এবং ২ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে দেশে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; এর মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার কমানো হয়েছিল।
স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে:
- ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৫৪০ টাকায়
- ২১ ক্যারেট: ৫ হাজার ৩০৭ টাকা
- ১৮ ক্যারেট: ৪ হাজার ৫৪৯ টাকা
- সনাতন পদ্ধতি: ৩ হাজার ৩৮৩ টাকা
উল্লেখ্য, স্বর্ণের দাম কখনও ঊর্ধ্বমুখী আবার কখনও নিম্নমুখী হওয়ার কারণ অনেকগুলো। সাধারণত যেকোনো দেশে ঝুঁকি এড়াতে সোনা মজুত করে সরকার। কেন্দ্রীয় ব্যাংকগুলোতে সেই পরিমাণ বেড়ে গেলে স্বর্ণের মূল্য বৃদ্ধি পায়। অনেক সময় কোনো দেশের মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন ঘটে। সেক্ষেত্রে নিজেদের সম্পদ রক্ষার্থে স্বর্ণ বিনিয়োগ করেন ব্যবসায়ীরা। ফলে তাদের কাছে ধাতুটির আকর্ষণ বাড়ে। সেই সঙ্গে দামও ঊর্ধ্বমুখী হয়। আবার ডলারের দাম বাড়লে স্বর্ণের দর হ্রাস পায়। আবার ডলারের মূল্য নিম্নমুখী হলে স্বর্ণের দাম বেড়ে যায়। এবার দেশের বাজারে আবার স্বর্ণের দাম বেড়ে গিয়েছে।
(ঢাকাটাইমস/১১ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































