‘৯৯৯’র সহায়তায় ভুলে ট্রেনে ফেলে আসা স্বর্ণালংকারসহ ব্যাগ উদ্ধার

ট্রেনে ভুলে ফেলে আসা স্বর্ণালংকারসহ একটি ট্রাভেল ব্যাগ জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর সহায়তায় উদ্ধার হয়েছে। পরে মালিককে ডেকে ব্যাগটি বুঝিয়ে দেয় রেলওয়ে পুলিশ।
বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে জামালপুর রেলস্টেশন থেকে মারুফ হোসেন মুন্না নামে এক যাত্রী ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান।
৯৯৯ সূত্রে জানা যায়, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে জয়দেবপুর স্টেশন থেকে ওঠেন মারুফ হোসেন মুন্না। পরে জামালপুর স্টেশনে নেমে পড়লেও তিনি ভুলে তার ট্রাভেল ব্যাগটি ট্রেনের ‘ঘ’ বগির ৩২ নম্বর আসনের ওপরের তাকে রেখে যান। ব্যাগটির ভেতরে নতুন বানানো একজোড়া স্বর্ণের কানের দুল, একজোড়া রূপার পায়ের মল, প্রয়োজনীয় কাগজপত্র ও কাপড়চোপড় ছিল।
ফোন পেয়ে ৯৯৯–এর কলটেকার কনস্টেবল তুষার মামুন বিষয়টি গ্রহণ করেন এবং তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও দেওয়ানগঞ্জ রেলওয়ে থানা পুলিশকে অবহিত করেন। পুরো উদ্ধার কার্যক্রম তদারকি ও সমন্বয় করেন ৯৯৯–এর ডিসপাচার এসআই হরলাল রায়।
পরে ট্রেনটি দেওয়ানগঞ্জ স্টেশনে পৌঁছালে দেওয়ানগঞ্জ রেলওয়ে থানার একটি দল ট্রেন থেকে ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে মারুফ হোসেন মুন্না থানায় গিয়ে ব্যাগটি বুঝে নেন।
রেলওয়ে পুলিশ জানায়, জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বরে যোগাযোগ করলে দ্রুত সেবা দেওয়ার চেষ্টা করা হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












