মায়ের মৃত্যুর ঘটনায় আলোচিত যুগ্ম সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় আলোচনায় আসা যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তাকে বদলির মাধ্যমে মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি–২ শাখা থেকে ৩ জুন জারি করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এতে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ড. এ কে এম আনিসুর রহমান আগামী ৪ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করবেন। নির্ধারিত সময়ে যোগদান না করলে তাকে একই দিন অপরাহ্ণে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।
মায়ের মৃত্যুর ঘটনায় আলোচনায় আসেন তিনি
গত ৩১ মে রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি ফ্ল্যাট থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে জানা যায়, মরদেহে পচন ধরেছিল এবং সেখানে পোকা দেখা যায়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নুরজাহান বেগম ওই ফ্ল্যাটে তার মেয়ের সঙ্গে বসবাস করতেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন। বড় ছেলে এ কে এম আনিসুর রহমান প্রশাসনের যুগ্ম সচিব হিসেবে দায়িত্বে ছিলেন।
ঘটনার পর পরিবারে দায়িত্ব ও অবহেলা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, মৃত্যুর বিষয়টি সময়মতো জানানো হয়নি এবং বিষয়টি ঘিরে নানা প্রশ্ন তৈরি হয়।
এ ছাড়া মায়ের মৃত্যুর তথ্য প্রথমে অস্বীকার করে পরে স্বীকার করার অভিযোগও ওঠে ওই যুগ্ম সচিবের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে প্রশাসনিক পর্যায়ে পর্যালোচনা চলছে বলে জানা গেছে।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, পিতা-মাতার ভরণপোষণ আইনের আওতায় যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ‘বিষয়টি আইন অনুযায়ী প্রক্রিয়াধীন এবং অভিযোগের বিষয়ে আনিসুর রহমানের বক্তব্যও গ্রহণ করা হবে।’
এর কয়েক ঘণ্টার মধ্যেই মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্বে থাকা এই যুগ্ম সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়, ফলে তাকে আগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













