অবসরের দিনে গ্রেড-১ পদোন্নতি পেলেন অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা

অবসরের দিনেই গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. দেলোয়ার হোসেন মিঞা। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেনকেও গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
একই দিনে দীর্ঘ ৩৫ বছরের বেশি বর্ণাঢ্য কর্মজীবনের ইতি টেনে অবসরে যান দেলোয়ার হোসেন মিঞা। তাঁর অবসর উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে হাইওয়ে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) ফরিদা ইয়াছমিন, বিপিএম। এতে হাইওয়ে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা দেলোয়ার হোসেন মিঞার দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতি ও পেশাগত অবদানের কথা তুলে ধরেন। জবাবে তিনি সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।
মো. দেলোয়ার হোসেন মিঞা ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনের শুরুতে তিনি এপিবিএন-২, রাঙামাটি এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সে (এসএসএফ) দায়িত্ব পালন করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ঢাকা মহানগর পুলিশ, নওগাঁ, গোপালগঞ্জ ও খুলনায় দায়িত্ব পালন করেন।
পুলিশ সুপার হিসেবে তিনি দিনাজপুর জেলা, পুলিশ সদরদপ্তর, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকা মহানগর পুলিশ, এপিবিএন ও সিআইডিসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে মাঠ প্রশাসন, গোয়েন্দা কার্যক্রম এবং বিশেষায়িত ইউনিটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা অর্জন করেন তিনি।
২০২৪ সালের ১৭ অক্টোবর হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ও ইউনিট প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দেলোয়ার হোসেন মিঞা। দায়িত্ব পালনকালে মহাসড়ক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা ও সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন তিনি।
অবসরের দিনে গ্রেড-১ পদে পদোন্নতি পাওয়াকে তাঁর দীর্ঘ ও সফল কর্মজীবনের স্বীকৃতি হিসেবে দেখছেন পুলিশ কর্মকর্তারা। দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের কর্মজীবন শেষে সম্মানজনক এই পদোন্নতির মধ্য দিয়ে তিনি সরকারি চাকরি থেকে বিদায় নিলেন।
এদিকে পুলিশে গ্রেড-১ পদমর্যাদা সচিব বা সিনিয়র সচিবের সমতুল্য। সাধারণত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এই পদমর্যাদায় থাকেন। তবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কিছু অতিরিক্ত আইজিপিকেও গ্রেড-১ পদমর্যাদা দেওয়া হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































