ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ কর্মকর্তা মো. ইলিয়াস কবির।
বৃহস্পতিবার (৪ জুন) ডিএমপি সদর দপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়। এতে সই করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
আদেশ অনুযায়ী, ইলিয়াস কবিরকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), গোয়েন্দা-উত্তরা বিভাগে (ডিবি) পদায়ন করা হলো। বর্তমানে তিনি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ইনভেস্টিগেশন বিভাগে দায়িত্ব পালন করছেন।
ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ইলিয়াস কবির চাকরিচ্যুত হন এবং দীর্ঘ সময় পুলিশের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন। ৫ আগস্ট সরকার পতন হলে তাকে ডিএমপিতে পদায়ন করা হয়। প্রথম গোয়েন্দা রমনা বিভাগের ডিসি করা হয়। এসময় তিনি আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান সহ অসংখ্য সংসদ সদস্যকে গ্রেপ্তার করেন। তবে কৌশলে তাঁকে সেখান থেকেও (ডিবি) সরিয়ে দেওয়া হয়।
সূত্র বলছে, ইলিয়াস কবির উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনে কাজ করে আসছেন। সিটিটিসিতে দায়িত্ব পালনকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ তদন্ত ও গোয়েন্দা কার্যক্রমে তিনি সম্পৃক্ত।
এদিকে ডিবি উত্তরা বিভাগ রাজধানীর উত্তরা, বিমানবন্দর, তুরাগ, দক্ষিণখান ও উত্তরখানসহ সংশ্লিষ্ট এলাকার অপরাধ দমন, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করে থাকে। নতুন দায়িত্বে ইলিয়াস কবিরের নেতৃত্বে ইউনিটটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































