থানায় পর্যাপ্ত গাড়ি নেই, ব্যারাকে জায়গা নেই; তবু ইউনিফর্ম বদলে কতটা লাভ?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২৬, ২২:৩৯
অ- অ+

দেশের পুলিশ বাহিনী বর্তমানে তীব্র যানবাহন সংকট, আবাসন সমস্যা, লজিস্টিক সীমাবদ্ধতা ও মানসিক চাপসহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এমন বাস্তবতায় বাহিনীর ইউনিফর্ম পরিবর্তনের সরকারি সিদ্ধান্তকে প্রয়োজনের তুলনায় কম গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও মাঠপর্যায়ের অনেক কর্মকর্তা।

সম্প্রতি পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন আনা হয়েছে। পুলিশ সদর দপ্তরের জারি করা প্রজ্ঞাপনে মেট্রোপলিটন এলাকার সদস্যদের জন্য হালকা অলিভ রঙের শার্ট এবং অন্যান্য ইউনিটের জন্য গাঢ় নীল রঙের শার্ট নির্ধারণ করা হয়েছে। উভয় ক্ষেত্রেই খাকি রঙের ট্রাউজার রাখা হয়েছে। তবে এ সিদ্ধান্তের সময়কাল ও অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা।

পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও বিভিন্ন হামলায় বাহিনীর বিপুলসংখ্যক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫২৬টি সরকারি গাড়িতে আগুন দেওয়া হয় এবং আরও ৫৩৩টি গাড়ি ভাঙচুর বা অকেজো করে ফেলা হয়। ফলে নিয়মিত টহল, অপরাধ দমন এবং জরুরি সেবাদানে অনেক ক্ষেত্রেই প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। অনেক থানায় প্রয়োজনীয় সংখ্যক যানবাহন না থাকায় অভিযোগ পাওয়ার পরও দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হচ্ছে না।

অন্যদিকে আবাসন সংকটও ভয়াবহ আকার ধারণ করেছে। প্রায় দুই লাখ ১৩ হাজার পুলিশ সদস্যের অধিকাংশের জন্য পর্যাপ্ত আবাসন সুবিধা নেই। রাজধানীর বিভিন্ন ব্যারাকে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি সদস্যকে অবস্থান করতে হচ্ছে। কোথাও কোথাও সিঁড়ির নিচে কিংবা অস্থায়ী তাঁবুতেও থাকতে হচ্ছে সদস্যদের। এতে জীবনযাত্রার মানের পাশাপাশি স্বাস্থ্যগত ঝুঁকিও বাড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা বলেন, বাহিনীর সবচেয়ে বড় সংকটগুলোর মধ্যে রয়েছে আবাসন সমস্যা, যানবাহনের অভাব, পদোন্নতি ও বদলি-সংক্রান্ত জটিলতা এবং মানসিক চাপ। তাদের মতে, এসব মৌলিক সমস্যা সমাধানের আগে ইউনিফর্ম পরিবর্তনকে অগ্রাধিকার দেওয়া বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সমাজ ও অপরাধ বিশ্লেষকরাও একই ধরনের মত দিয়েছেন। তাদের ভাষ্য, জনবান্ধব পুলিশ গঠনের জন্য শুধু পোশাক পরিবর্তন যথেষ্ট নয়। প্রয়োজন পেশাদারিত্ব, মানবিক আচরণ, দুর্নীতিমুক্ত সেবা, জবাবদিহিতা এবং আধুনিক প্রশিক্ষণ। বাহিনীর কাঠামোগত সমস্যাগুলোর সমাধান ছাড়া কেবল বাহ্যিক পরিবর্তনে জনআস্থা ফিরিয়ে আনা কঠিন।

পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল কাইয়ুম বলেন, পোশাকের সঙ্গে কমফোর্ট ও মর্যাদার বিষয় জড়িত। দীর্ঘদিন ধরেই পুলিশ সদস্যদের পক্ষ থেকে ইউনিফর্ম পরিবর্তনের দাবি ছিল। সরকার সেই দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে। পুলিশে আবাসনসহ নানা সমস্যা রয়েছে, তবে সব সমস্যার সমাধান একসঙ্গে সম্ভব নয়। ধাপে ধাপে সেগুলোর সমাধান করতে হবে।

বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতা ও সহিংস ঘটনার পর পুলিশ বাহিনীর ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে পড়ে। সেই প্রেক্ষাপটে সংস্কারের আলোচনা সামনে এলেও কার্যকর সংস্কারের কেন্দ্রবিন্দুতে থাকা উচিত সদস্যদের কর্মপরিবেশ, জীবনমান, প্রশিক্ষণ, জবাবদিহিতা এবং সেবার মান উন্নয়ন। কারণ থানায় পর্যাপ্ত গাড়ি না থাকলে, ব্যারাকে থাকার জায়গা না থাকলে কিংবা সদস্যরা মানসিক চাপে বিপর্যস্ত থাকলে শুধু ইউনিফর্ম পরিবর্তন করে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না: ডা. জাহিদ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনীতে গণতান্ত্রিক ঐক্যের আহ্বান
আর্জেন্টিনা ম্যাচের আগে ডালাসে বন্যা, জরুরি সতর্কতা জারি
আগামীকাল মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা