সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৬, ২৩:২০
অ- অ+

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন আসিফ আহমেদ সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতিস্বরূপ জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) প্রদত্ত মর্যাদাপূর্ণ ‘লেটার অব কমেন্ডেশনস ফর এক্সেপশনাল ব্রেভারি অ্যাট সি–২০২৬’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আগামী ১৪ ডিসেম্বর লন্ডনে আইএমওর সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, চলতি বছরের ২০ জানুয়ারি কর্ণফুলী নদীর চ্যানেলে একটি নিয়ন্ত্রণহীন এলপিজিবাহী জাহাজকে নিরাপদে থামিয়ে সম্ভাব্য বড় ধরনের শিল্প ও পরিবেশগত বিপর্যয় এড়ানোর ঘটনায় তাঁর সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে এই আন্তর্জাতিক সম্মাননা দেওয়া হচ্ছে।

সেদিন লাইবেরিয়ার পতাকাবাহী ১৫৯ দশমিক ৯ মিটার দীর্ঘ এলপিজিবাহী জাহাজ ‘গ্যাস হারমোনি’-কে ইউনাইটেড ট্যাংক টার্মিনালের জেটিতে ভেড়ানোর দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন আসিফ। জাহাজটিতে ৫১৫ মেট্রিক টন প্রোপেন ও ৪ হাজার ৫৭০ মেট্রিক টন বিউটেন গ্যাস ছিল।

বার্থিংয়ের সময় হঠাৎ কোনো পূর্ব সতর্কতা ছাড়াই জাহাজটির ইঞ্জিন ও স্টিয়ারিং বিকল হয়ে যায়। প্রবল স্রোতের টানে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি দ্রুত পাশের কাফকো অ্যামোনিয়া জেটির দিকে ধেয়ে যেতে থাকে। দাহ্য গ্যাসবোঝাই জাহাজটির সঙ্গে জেটির সংঘর্ষ হলে ভয়াবহ বিস্ফোরণ, ব্যাপক প্রাণহানি, বন্দর অবকাঠামোর বড় ধরনের ক্ষয়ক্ষতি এবং দেশের প্রধান সমুদ্রবন্দর দীর্ঘ সময়ের জন্য অচল হয়ে পড়ার আশঙ্কা ছিল।

এমন সংকটময় মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্যাপ্টেন আসিফের হাতে ছিল মাত্র কয়েক সেকেন্ড। তিনি তাৎক্ষণিকভাবে দুটি নোঙর ফেলতে নির্দেশ দেন। পাশাপাশি প্রচলিত নৌ-চালনা কৌশলের বাইরে গিয়ে অসমমিত (Asymmetrical) পদ্ধতিতে নোঙর পরিচালনার সিদ্ধান্ত নেন। তাঁর এই কৌশলে নিয়ন্ত্রণহীন জাহাজটির গতি কমে যায় এবং সেটি কাফকো জেটি থেকে মাত্র পাঁচ ফুট দূরে নিরাপদে থেমে যায়। এতে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

এ ঘটনার পর ‘গ্যাস হারমোনি’ জাহাজের ক্যাপ্টেন ও মালিকপক্ষ ক্যাপ্টেন আসিফ আহমেদকে আনুষ্ঠানিক প্রশংসাপত্র প্রদান করে।

আইএমওর ‘এক্সেপশনাল ব্রেভারি অ্যাট সি’ স্বীকৃতি বৈশ্বিক সামুদ্রিক খাতের অন্যতম সর্বোচ্চ সম্মাননা হিসেবে বিবেচিত হয়। সমুদ্রে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বড় ধরনের দুর্ঘটনা বা বিপর্যয় প্রতিরোধে অসামান্য অবদান রাখা ব্যক্তি বা দলকে এই সম্মাননা দেওয়া হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা