দীর্ঘ ৪৮ ঘণ্টার অভিযানে থুইসাপাড়া থেকে ৪ পর্যটককে উদ্ধার করল বিজিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৬, ১৭:৫৫
অ- অ+

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়া এলাকায় বৈরী আবহাওয়ার কারণে আটকা পড়া চার পর্যটককে ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জিং অভিযানের মাধ্যমে নিরাপদে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশের পর এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। গত ৪ জুলাই বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পর্যটনকেন্দ্র অমিয়াখুম ভ্রমণের উদ্দেশ্যে চার পর্যটক থুইসাপাড়া এলাকায় যান।

পরে ৭ জুলাই থেকে টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে নদীপথ অচল হয়ে পড়লে তারা সেখানে আটকা পড়েন।

খবর পাওয়ার পর বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিজিবির বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধীন জিন্নাপাড়া ক্যাম্প থেকে একটি আভিযানিক দল থুইসাপাড়ায় পৌঁছে পর্যটকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। বিজিবি সদস্যরা তাদের পরিস্থিতি মূল্যায়ন করে স্থানীয় কারবারির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপদ অবস্থান, থাকা-খাওয়া ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেন। একই সঙ্গে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের তত্ত্বাবধানে তাঁদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, বৈরী আবহাওয়ার কারণে তখন নদীপথে থানচিতে ফিরে আসা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছিল। পরে প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে ১১ জুলাই উদ্ধার অভিযান শুরু করা হয়।

জিন্নাপাড়া ক্যাম্পের আভিযানিক দল থুইসাপাড়া থেকে চার পর্যটককে সঙ্গে নিয়ে বিকল্প পাহাড়ি পথে থুইসাপাড়া–জিন্নাপাড়া–হালিরামপাড়া–নিকোলাসপাড়া অতিক্রম করে দুর্গম ঝিরি ও পাহাড়ি পথ পেরিয়ে অংসাউপাড়া এলাকায় পৌঁছায়। সেখানে বিজিবির তত্ত্বাবধানে তাদের নিরাপদে রাতযাপনের ব্যবস্থা করা হয়।

বিজিবি জানিয়েছে, অতি দুর্গম পাহাড়ি পথ, একাধিক পাহাড়ধস, ঝিরিতে পানির উচ্চতা বৃদ্ধি, প্রবল স্রোত এবং দিনভর বৃষ্টিপাতের কারণে সেদিন দিনের আলোয় সীমান্ত সড়ক পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি।

আজ ১২ জুলাই অংসাউপাড়া বিজিবি ক্যাম্প থেকে আরেকটি দল পর্যটকদের সঙ্গে নিয়ে প্রায় চার ঘণ্টা পায়ে হেঁটে দুর্গম পাহাড়ি পথ ও ঝিরি অতিক্রম করে সীমান্ত সড়কসংলগ্ন নেপিউপাড়া বিওপিতে পৌঁছায়। পরে বিজিবির যানবাহনে করে তাদের নিরাপদে থানচিতে ফিরিয়ে আনা হয়।

উদ্ধার হওয়া চার পর্যটক হলেন— ঢাকার সূত্রাপুর থানার বাসিন্দা মো. মারুফ উদ্দিন, একই এলাকার আবু হুরায়রা জাদিম ও তামিম রায়হান সৌরভ। অপর পর্যটক মাহাদি আল মাহবুব ঢাকার শ্যামপুর থানার বাসিন্দা। তাদের মধ্যে তামিম রায়হান সৌরভ ঢাকার নটর ডেম কলেজের ছাত্র। অন্যরা এসএসসি পাস করে কলেজে ভর্তি হওয়ার অপেক্ষায় রয়েছেন।

উদ্ধার হওয়া পর্যটকেরা জানান, বৈরী আবহাওয়ার কারণে থুইসাপাড়ায় আটকা পড়ার পর বিজিবি শুরু থেকেই তাদের নিরাপত্তা নিশ্চিত করে, থাকা-খাওয়ার ব্যবস্থা করে এবং সার্বক্ষণিক সহযোগিতা দেয়। পরে অত্যন্ত দুর্গম ও ঝুঁকিপূর্ণ পাহাড়ি পথ অতিক্রম করে বিজিবি সদস্যরা তাঁদের নিরাপদে উদ্ধার করে থানচিতে ফিরিয়ে আনেন। তারা বিজিবির পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিক ভূমিকার প্রশংসা করেন এবং উদ্ধার অভিযানে অংশ নেওয়া সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিজিবির বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রুবায়াত জামিল বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পার্বত্য অঞ্চলে পর্যটক ও স্থানীয় জনগণের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করাও বিজিবির অন্যতম দায়িত্ব। যেকোনো দুর্যোগ, দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে থেকে দ্রুত ও কার্যকর সহায়তা দিতে বিজিবি সব সময় প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শারীরিক অসুস্থতায় হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু, খোঁজ নিলেন রাষ্ট্রপতি
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
Government Laboratory High School: A 65-Year Journey of Glory
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা