শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সেনাবাহিনীর সিজিএস মাইনুর রহমান

বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মাইনুর রহমানকে বাংলাদেশ শুটিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এ কমিটি গঠন করেছে।
জাতীয় ক্রীড়া পরিষদের জারি করা এক আদেশে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬-সহ)–এর ২১ ধারায় পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে এবং আইনের ধারা ২(৪) ও ২(৮) অনুযায়ী পরিষদের চেয়ারম্যান বাংলাদেশ শুটিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি নিয়োগ দিয়েছেন।
একই আদেশে ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন অ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮–এর ১৪(৩) ধারা অনুসরণ করে গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন— রাজশাহী বাংলাদেশ রাইফেল ক্লাবের সেক্রেটারি ইশতিয়াক আহমেদ বাবলু, আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন, রাজধানী শুটিং ক্লাবের সদস্য মোহাম্মদ ফরিদ আলম, ক্রীড়া সংগঠক ইমরান চৌধুরী এবং সিরাজগঞ্জ শুটিং ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কামরুল হাসান।
সাধারণ সম্পাদক করা হয়েছে ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রাজধানী রাইফেল ক্লাবের সদস্য সাকিফ শামীমকে।
যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী সাবেক শ্যুটার ও ক্রীড়া সংগঠক শারমিন আক্তার রত্না এবং ক্রীড়া সংগঠক ডি এম রফিকুল ইসলাম রাজিব। কোষাধ্যক্ষ করা হয়েছে কিশোরগঞ্জ রাইফেল ক্লাবের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মাহফুজুল ইসলাম জানুকে।
এ ছাড়া কমিটিতে আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী সাবেক শ্যুটার আসিফ হোসেন খান, মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী (রিংকি), সায়মা ফিরোজসহ ক্রীড়া সংগঠক, প্রশাসনের কর্মকর্তা এবং দেশের বিভিন্ন রাইফেল ক্লাবের প্রতিনিধিরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
এ বিষয়ে জানা গেছে, নবগঠিত অ্যাডহক কমিটি আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হয়েছে। এ কমিটিকে আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ শুটিং ফেডারেশনের নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































