নজরুল আমাদের সাহসের উৎস হয়ে থাকবেন: সাইফুল হক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে দলের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, শত বছর আগে কাজী নজরুল ইসলাম এ জনপদের আপামর মানুষের দ্রোহ, প্রতিবাদ, প্রেম ও প্রত্যাশা তাঁর কবিতা, গান ও লেখনির মাধ্যমে প্রকাশ করেছেন। বাংলা ভাষাভাষী অঞ্চলের নির্যাতিত, নিপীড়িত, শোষিত ও লাঞ্ছিত মানুষের অব্যক্ত যন্ত্রণা, আকাঙ্ক্ষা, দ্রোহ ও প্রেমকে তিনি অসাধারণ সৃষ্টিশীলতায় তুলে ধরেছেন।
সাইফুল হক বলেন, অসাম্প্রদায়িক ও সাম্যভিত্তিক মানবিক সমাজ গঠন ছিল নজরুলের আরাধ্য। এ কারণে ঔপনিবেশিক শাসন ও শোষণের পাশাপাশি ধর্মীয় গোড়ামি ও কূপমণ্ডূকতার বিরুদ্ধেও তিনি ছিলেন আপসহীন যোদ্ধা।
তিনি বলেন, ‘প্রগতিশীল, গণতান্ত্রিক, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ ও রাষ্ট্র গঠনে শতাব্দীজুড়ে কবি আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্রান্তিলগ্নে জাতীয় কবি আমাদের সাহস জুগিয়েছেন। আগামী দিনেও তিনি আমাদের ভরসার স্থল হয়ে থাকবেন।’
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আরও বলেন, সৃষ্টিশীল জীবনের শেষ দিকে কাজী নজরুল ইসলাম বাঙালি মুসলমানের ধর্মীয় চেতনা ও আবেগ হামদ, নাত ও গজলের মাধ্যমে অসাধারণ দক্ষতা ও মমতার সঙ্গে ধারণ করেছেন। বাঙালি মুসলমান সম্প্রদায়ের হীনম্মন্যতা কাটিয়ে উঠতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
শ্রদ্ধা নিবেদনের পর সাইফুল হক বলেন, শোষণ ও বৈষম্যহীন সাম্যবাদী মানবিক রাষ্ট্র ও সমাজ গঠনে জাতীয় কবি আগামী দিনেও পথ দেখাবেন।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী ও আকবর খান, কেন্দ্রীয় সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, স্নিগ্ধা সুলতানা ইভা ও মাসুদুর রহমান মাসুদ, কেন্দ্রীয় সংগঠক স্বাধীন মিয়া এবং ঢাকা মহানগর কমিটির আরিফুল ইসলামসহ দলের নেতাকর্মীরা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












