যুবকদের কর্মসংস্থান না হলে ‘যুব বিস্ফোরণের’ পরিস্থিতি তৈরি হবে: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৬, ১৮:২৮
অ- অ+

যুবকদের জন্য মর্যাদাপূর্ণ কাজ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা না গেলে দেশে নতুন করে ‘যুব বিস্ফোরণের’ পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, গত আড়াই বছরে দেশের বিশাল যুবসমাজের প্রত্যাশা ক্রমেই হতাশায় পরিণত হচ্ছে।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং ভোটের অধিকারসহ দেশের গণতান্ত্রিক যাত্রার অর্জন কোনো হঠকারিতার কাছে জিম্মি হতে দেওয়া যাবে না। এসব অর্জন রক্ষায় যুবসমাজকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, দেশের বিশাল শিক্ষিত বেকার যুবসমাজের কর্মসংস্থানকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার দিতে হবে। শুধু সরকারি চাকরির ওপর নির্ভর না করে আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি ও দক্ষতা উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

বেকারত্বের সঙ্গে অপরাধপ্রবণতা বৃদ্ধির সম্পর্ক রয়েছে উল্লেখ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা বলেন, বিশাল বেকার জনগোষ্ঠী ক্রমাগত বাড়তে থাকলে সমাজে নৈরাজ্য ও বিশৃঙ্খলার ঝুঁকিও বাড়ে। বেকারত্বের সঙ্গে চুরি, দুর্নীতি, খুন, রাহাজানি ও বিভিন্ন ধরনের সামাজিক অনাচারের পরোক্ষ সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, যুবসমাজকে কর্মহীন ও হতাশ রেখে গণতান্ত্রিক, স্থিতিশীল ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তরুণদের শুধু নির্বাচনের সময় ভোটার হিসেবে বিবেচনা করলে চলবে না, রাষ্ট্রের নীতিনির্ধারণ ও ভবিষ্যৎ নির্মাণেও তাদের কার্যকর অংশীদার করতে হবে।

সাইফুল হক বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় নতুন সুযোগ তৈরি করেছে। এই অর্জন রক্ষা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে যুবসমাজকে সতর্ক ও সক্রিয় থাকতে হবে।

যুব কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের জন্য সরকারকে অবিলম্বে বাস্তবভিত্তিক কর্মসূচি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের হতাশা দূর করে তাঁদের সামনে মর্যাদাপূর্ণ জীবন ও ভবিষ্যতের নিশ্চয়তা তৈরি করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।

সেগুনবাগিচার সংহতি মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক আওয়াল মাহমুদ।

কর্মশালায় আরও বক্তব্য দেন সংগঠনটির সদস্যসচিব মীর রেজাউল আলম, যুগ্ম আহ্বায়ক তুহিন রহমান, সহসদস্যসচিব মো. ইব্রাহিম হোসেন রনি, যুবনেতা নান্টু দাস, আরিফুল ইসলাম ও রাজু আহমেদসহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নড়াইলে গরু বহনকারী ট্রলি খাদে পড়ে চালক নিহত
পেনশন স্কিমে যুক্ত হবেন কৃষক-শ্রমিক ও ব্যবসায়ীরা: সমাজকল্যাণমন্ত্রী
ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি সোনা চুরি, সিসিটিভিতে যা দেখা গেল
টেকনাফে ৮ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড