পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত, তাপমাত্রা নামলো ১৩.১ ডিগ্রিতে

দেশজুড়ে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন ঘটলেও উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে এবার বেশ আগেই জেঁকে বসতে শুরু করেছে শীত। সকালবেলার ঘন কুয়াশা, শিশিরভেজা ঘাস আর হিমেল বাতাসে পুরোপুরি শীতের আমেজ বইছে এই জেলায়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, দিনে প্রখর রোদ ও গরম অনুভূত হলেও সন্ধ্যা নামার পর থেকেই তাপমাত্রা দ্রুত কমতে শুরু করে। দিন ও রাতের তাপমাত্রার এই বড় ব্যবধানের কারণে ভোররাতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।
সরেজমিনে জেলার সদর, আটোয়ারী ও বোদা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে হালকা কুয়াশা ভেদ করে জীবিকার তাগিদে কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। ঠান্ডা থেকে বাঁচতে অনেকেই গায়ে জড়িয়েছেন হালকা শীতের পোশাক।
বোদা উপজেলার স্থানীয় ব্যবসায়ী শহিদুল হক বলেন, ‘দিনের বেলা রোদের তাপে বেশ গরম লাগে, তখন বোঝাই যায় না যে শীত পড়েছে। কিন্তু রাত বাড়ার সাথে সাথে বেশ ঠান্ডা পড়তে শুরু করে। বিশেষ করে ফজরের সময় বাড়ি থেকে বের হলে বেশ শীত লাগে।’
অন্যদিকে, আটোয়ারী উপজেলার ভ্যানচালক শরিফুল ইসলাম বলেন, ‘ভোরে কুয়াশার কারণে সামনের রাস্তা ঠিকমতো দেখা যায় না। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় হাত-পা ঠান্ডা হয়ে আসে। তাই সকালের দিকে রিকশা-ভ্যান চালাতে একটু কষ্ট হচ্ছে।’
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভোরের দিকে কুয়াশার ঘনত্ব আরও বাড়তে পারে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে।’
(ঢাকাটাইমস/২৮ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













