চুয়েটে ফের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৫| আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৯
অ- অ+

উপাচার্য নিয়োগকে ঘিরে সৃষ্ট সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় প্রায় এক মাস পর আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে কার্যকর হওয়া এই কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে গতকাল বুধবার রাতে আন্দোলনকে আরও বেগবান ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এক যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত পুনরায় ‘কমপ্লিট শাটডাউন’ পালনের ঘোষণা দেন তারা। পরবর্তীতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, গত দুই মাসেরও বেশি সময় ধরে শান্তিপূর্ণভাবে নানা কর্মসূচি পালন করা হলেও প্রশাসনের পক্ষ থেকে চলমান সংকট নিরসনে কোনো কার্যকর ও টেকসই উদ্যোগ দেখা যায়নি। এতে একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের।

এ বিষয়ে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, ‘গত দুই মাস ধরে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিলেও সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সব ব্যাচের সম্মতিক্রমে বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে।’

নতুন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। উল্লেখ্য, আজ চুয়েটের উপাচার্য ইস্যুতে আইইবির পক্ষ থেকেও একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলে ক্যাম্পাসে অচলাবস্থার সূত্রপাত হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা প্রথম দফায় ‘কমপ্লিট শাটডাউন’ শুরু করলে বিশ্ববিদ্যালয় টানা ৩৬ দিন বন্ধ থাকে। পরবর্তীতে গত ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম পুনরায় চালু হলেও উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত ছিল। তারই ধারাবাহিকতায় প্রায় এক মাস পর আবারও সর্বাত্মক শাটডাউনের পথে হাঁটলেন শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী আয়োজনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
বঙ্গভবনে যাওয়ার পথে মাহমুদুর রহমানের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশ
২৪ ঘণ্টায় খুলনা জেলায় ৩১ আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার