মাইগ্রেনের ব্যথা সারিয়ে দিতে যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, অডিও ভাইরাল

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে মাইগ্রেনের ব্যথা সারিয়ে দেওয়ার কথা বলে ওই নারী নেত্রীকে নিজের বাসায় যেতে বলেন ওসি। কথোপকথনে মামলা, দুই লাখ টাকা, গ্রেপ্তার ও বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করতে শোনা যায়।
ছড়িয়ে পড়া অডিওতে ওসিকে বলতে শোনা যায়, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’ এ সময় নারী নেত্রী সেখানে যেতে কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’
কথোপকথনের একপর্যায়ে নারী নেত্রী তাকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে ওসি মনঃক্ষুণ্ন হন বলেও অডিওতে শোনা যায়।
অডিওর অন্য অংশে ওই নারী নেত্রী তার বিরুদ্ধে করা মামলা, কারাবাস ও জামিনে মুক্ত হতে দুই লাখ টাকা খরচের বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি তুহিন ও পারভেজ নামের দুই ব্যক্তির বিরুদ্ধে তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ করেন। পারভেজের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
অন্যদিকে ওসি তাকে রাজনীতি, স্বার্থ ও অর্থনৈতিক বিষয়গুলোর বাইরে থেকে চিন্তা করে যোগাযোগ রাখার কথা বলেন। কথোপকথনে দুই লাখ টাকা নেওয়ার বিষয়টি কাউকে না জানানোর কথা ওসিকে বলেছেন বলে অভিযোগ করেন ওই নারী নেত্রী। তবে ওসি এ অভিযোগ অস্বীকার করেন।
গত ১০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর গত মঙ্গলবার তাদের কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তার শ্লীলতাহানি করেছেন এবং তাকে আলিঙ্গন করার অনুরোধ জানিয়েছেন। এসব অভিযোগের প্রতিকার দাবি করেন তিনি।
তবে নারী নেত্রীর অভিযোগ অস্বীকার করেছেন ওসি ফয়জুল আজিম নোমান। ফোনালাপে নিজের কণ্ঠ ও কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি দাবি করেন, আসামিকে গ্রেপ্তারে ভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে আদালতের নির্দেশে ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













