বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি ঠেকাতে আধুনিক প্রযুক্তি ও জনবল নিয়োগের নির্দেশ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৭
অ- অ+

দেশের বিমানবন্দরগুলোতে পাখি ও বন্যপ্রাণীর কারণে উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। এ লক্ষ্যে বিমানবন্দরগুলোতে অত্যাধুনিক ‘অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট’ স্থাপন, প্রয়োজনীয় সংখ্যক বন্দুক ক্রয় এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে ‘ন্যাশনাল কমিটি ফর ওয়াইল্ডলাইফ হ্যাজার্ড ম্যানেজমেন্ট অ্যাট দ্য এয়ারপোর্টস অব বাংলাদেশ’-এর প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

সভায় বিমানমন্ত্রী বলেন, দেশের এভিয়েশন খাতের উন্নয়নে নিরাপদে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে পাখির সঙ্গে উড়োজাহাজের সংঘর্ষ বা ‘বার্ড হিট’ একটি বড় উদ্বেগের বিষয়। তাই সাম্প্রতিক সময়ে সংঘটিত বার্ড হিটের ঘটনাগুলোর তথ্য যাচাই-বাছাই করে বিমানবন্দরগুলোতে কার্যকর বন্যপ্রাণী ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বিমানবন্দর এলাকায় পাখির চলাচল নিয়ন্ত্রণ এবং ঝুঁকি মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাতে হবে। এ জন্য দ্রুততম সময়ের মধ্যে আধুনিক অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপন, প্রয়োজনীয় বন্দুক কেনা এবং শূন্য পদে জনবল নিয়োগের কার্যক্রম শুরু করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।

বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, নিরাপদ উড্ডয়ন অঞ্চল বা ‘সেফ ফ্লাই জোন’ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। ঝুঁকি মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর সমন্বয়ের লক্ষ্যে প্রতি তিন মাস অন্তর এই কমিটির সভা আয়োজনের নির্দেশনা দেন তিনি।

মন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের এভিয়েশন খাতের আধুনিকায়ন ও উন্নয়নে কাজ করছে। এই উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বিমান চলাচলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং বন্যপ্রাণীজনিত ঝুঁকি ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়া অপরিহার্য।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী (এনডিসি), প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন এবং বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
উত্তরবঙ্গে শীতের দাপট, তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, ৪ গ্রেডে কে কত পাবেন
বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম