উত্তরবঙ্গে শীতের দাপট, তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে

হিমেল বাতাস আর কুয়াশার চাদরে ঢাকা জনপদ জানান দিচ্ছে উত্তরাঞ্চলে শীতের আগমনী বার্তা। হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা।
আজ বুধবার (২৫ নভেম্বর) জেলার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে সূর্যের দেখা মিললেও উত্তরের হিমেল বাতাসের কারণে কমছে না শীতের অনুভূতি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। রাত থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশা থাকলেও সকালে সূর্য উঠেছে। তবে হিমেল বাতাস বয়ে যাওয়ায় সকালেও শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এর আগের দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
হঠাৎ শীতের প্রকোপ বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ভোরবেলা কাজে বের হওয়া খেটে খাওয়া মানুষ ও দিনমজুরেরা। প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করেই জীবিকার তাগিদে তাদের কাজে বের হতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়ছে। রাতভর হিমেল বাতাস বয়ে যাওয়ায় ভোর ও সকালে বেশি ঠাণ্ডা পড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ বাড়লে কিছুটা স্বস্তি মিলছে।
হাড়িভাসা এলাকার বাসিন্দা রমজান আলী বলেন, "কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে। রাতে হিমেল বাতাসের কারণে শীত বেশি লাগে। সকালে সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে ঠাণ্ডা কমছে না। বিশেষ করে ভোরে বাইরে বের হলে শীত বেশি অনুভূত হয়।"
(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













