নিজ গ্রামের কবরস্থানে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৬, ০০:০০
অ- অ+

মঞ্চ, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন অভিনেতা সোহেল খান। পর্দায় নানা চরিত্রে অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনেও ছিলেন সহজ-সরল ও নিরহংকার। গ্রামের মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতেন, যুক্ত ছিলেন বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে। সেই মানুষটি এখন শায়িত নিজ গ্রামের কবরস্থানে।

মঙ্গলবার মাগরিবের নামাজের পর ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর ঈদগাহ মাঠে সোহেল খানের জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে।

মঙ্গলবার সকালে বগুড়ায় একটি সিনেমার শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তিনি ধামরাইয়ের রাজাপুর গ্রামের প্রয়াত আতাউর রহমান খানের ছেলে।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার বিকালে তার গ্রামের বাড়িতে ভিড় করেন স্বজন ও পরিচিতজনেরা। কেউ কান্নায় ভেঙে পড়েন, কেউ আবার প্রিয় মানুষটির স্মৃতি মনে করে নীরবে বসে থাকেন।

সোহেল খানের অভিনয়ের অন্যতম বৈশিষ্ট্য ছিল স্থানীয় মানুষের জীবনযাপন, ভাষা ও সংস্কৃতিকে পর্দায় তুলে ধরা। আঞ্চলিক ভাষা ও এলাকার রীতিনীতি অভিনয়ের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতেন তিনি। তার ভাগনে মোহাম্মদ নাহিদ হোসেন খানের কাছে মামার এই গুণের পাশাপাশি সবচেয়ে বেশি মনে পড়ে তার নিরহংকার স্বভাব।

নাহিদ হোসেন খান বলেন, সোহেল খান আঞ্চলিক ভাষা, এলাকার রীতিনীতি ও আচার-ব্যবহার অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতেন। তার মধ্যে অহংকার ছিল না। ধনী-গরিবের কোনো ভেদাভেদ করতেন না।

অভিনয়ের বাইরেও গ্রামের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন সোহেল খান। স্থানীয় একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার পেছনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আত্মীয় ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ টিপু সুলতান বলেন, গ্রামের সামাজিক কর্মকাণ্ডে সোহেল খান সব সময় যুক্ত থাকতেন। টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠায় তার মূল ভূমিকা ছিল। গ্রামের উন্নয়নে যেকোনো উদ্যোগে তিনি সবার আগে এগিয়ে আসতেন।

চলচ্চিত্র ও নাট্যাঙ্গনে দীর্ঘদিন কাজ করেছেন সোহেল খান। তার সঙ্গে সর্বশেষ কাজের অভিজ্ঞতা ও স্মৃতির কথা জানিয়েছেন ‘নসিব’ সিনেমার প্রযোজক আরশাদ আদনান। তার প্রযোজনায় নির্মিত একটি সিনেমায় অভিনয় করছিলেন সোহেল খান। শুটিংয়ের জন্য গত চার দিন ধরে বগুড়ায় ছিলেন তিনি।

আরশাদ আদনান বলেন, মৃত্যুর আগের রাতেও সোহেল খানের সঙ্গে তার কথা হয়েছিল। রাত ১১টার দিকে শুটিং শেষ হয়। এরপর খাওয়াদাওয়া করে নিজের মতো ছিলেন তিনি। সোহেল খানকে বড় ভাইয়ের মতো সম্মান করতেন তারা। তার মৃত্যু চলচ্চিত্র ও নাট্যাঙ্গনসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।

পরিবারের সদস্যদের কাছেও সোহেল খান ছিলেন অত্যন্ত প্রিয় একজন মানুষ। তার ফুপাতো ভাই আব্দুল আলীম খান সেলিম বলেন, সোহেল খান তার অত্যন্ত প্রিয় ছিলেন। কখনো বকাঝকা করলেও তিনি মন খারাপ করতেন না। বরং হাসিমুখে কাছে এসে নানা আবদার করতেন। তার সেই স্মৃতিগুলো এখন বারবার মনে পড়ছে।

টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া সোহেল খান পরে চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করেন। ২০০৭ সালে ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’ ও ‘বউয়ের জ্বালা’ সিনেমায় অভিনয় করেন তিনি।

এরপর ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ ও ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ ও ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী!’ (২০২১) এবং ‘শান’ (২০২২) সিনেমায় অভিনয় করেন।

এসব সিনেমায় কখনো পার্শ্বচরিত্রে, কখনো গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাঁকে। ‘প্রজাপতি’ সিনেমায় মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’ সিনেমায় চেয়ারম্যান এবং ‘শান’ সিনেমায় বাবুল চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।

পর্দায় অভিনীত নানা চরিত্রের মধ্য দিয়ে দর্শকের কাছে পরিচিতি পেলেও রাজাপুরের মানুষের কাছে সোহেল খানের পরিচয় ছিল আরও আপন। তাদের কাছে তিনি ছিলেন সহজে মিশতে জানা, অহংকারহীন এবং মানুষের প্রয়োজনে এগিয়ে আসা একজন মানুষ। তার সেই স্মৃতিই এখন স্বজন ও এলাকাবাসীর কাছে রয়ে গেল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফলকে স্ত্রীর নাম, উদ্বোধন না করেই ফিরে গেলেন ঢাকা বিভাগীয় কমিশনার
রাজধানীতে জাল পরিচয়ে পাসপোর্ট করতে গিয়ে আটক রোহিঙ্গা যুবক
আর্থিক অপরাধ তদন্তে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের আহ্বান ডিআইজির
নিজেকে শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেপ্তার