মানিকগঞ্জে ঐতিহ্যবাহী রাধাগোবিন্দের রাস উৎসব অনুষ্ঠিত

মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলার দক্ষিণ গোস্বামীবাড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী রাধাগোবিন্দের ৫২৭তম রাস উৎসব। প্রায় সাড়ে পাঁচশ বছরের ঐতিহ্যবাহী এ উৎসবে দেশের বিভিন্ন জেলা এমনকি বিদেশ থেকেও ভক্ত-পূজারি ও দর্শনার্থীরা অংশ নেন।
অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে প্রতিবছর এ রাস উৎসব অনুষ্ঠিত হয়। উৎসব উপলক্ষে সকাল থেকেই চিনি, কলা, বাতাসাসহ বিভিন্ন ফলমূল ও পূজার সামগ্রী নিয়ে মন্দিরে সমবেত হন ভক্তরা। পূজা-অর্চনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় মুখর হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণ।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বৃন্দাবন চন্দ্র ও রাধারানীকে নিয়ে নগর পরিভ্রমণ। এ সময় মন্দির থেকে বের হওয়া শোভাযাত্রায় অংশ নেন অসংখ্য ভক্ত। ঢাক-ঢোল, কীর্তন ও ভক্তদের জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা। নগর পরিভ্রমণ শেষে বিগ্রহ ফিরিয়ে নেওয়া হয় মন্দিরে।
এদিকে রাস উৎসবকে কেন্দ্র করে বসেছে ১৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। মেলায় বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী, ঐতিহ্যবাহী খাবার ও বিনোদনের আয়োজন রয়েছে। এ ছাড়া রাতে অনুষ্ঠিত হয় ধর্মীয় সংগীত ও রাসলীলা।
আয়োজকরা জানান, দীর্ঘদিনের এ ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর নানা আয়োজন করা হয়।
অন্যদিকে ভক্ত ও দর্শনার্থীদের মতে, এ রাস উৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং বেতিলা এলাকার ইতিহাস, সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলা। প্রজন্ম থেকে প্রজন্মে এ ঐতিহ্য টিকিয়ে রাখার প্রত্যাশা তাঁদের।
(ঢাকা টাইমস/২৪নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










