দেশের বাজারে স্বর্ণের দামে আবারও উল্লম্ফন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৬
অ- অ+

বিশ্বের অন্যতম লোভনীয় ও আভিজাত্যপূর্ণ সম্পদ হলো স্বর্ণ। অর্থনৈতিক অনিশ্চয়তা কিংবা যেকোনো সংকটকালে নিরাপদ আশ্রয় হওয়ায় একে বলা হয় ‘দুঃসময়ের বন্ধু’। এর চোখধাঁধানো ঔজ্জ্বল্য, অনন্যসাধারণ দীপ্তি, চাকচিক্য এবং রঙের তীব্রতা যুগ যুগ ধরে মানুষকে অভিভূত করে চলেছে।

আকর্ষণীয় এই বৈশিষ্ট্য ও সর্বজনীন গ্রহণযোগ্যতার কারণে ইতিহাসে স্বর্ণের মূল্য কখনো শূন্যে নামেনি। হাজার হাজার বছর ধরে এটি কেবল অলঙ্কার হিসেবেই নয়, বরং সবচেয়ে নির্ভরযোগ্য ও মূল্যবান সম্পদ হিসেবে পরিগণিত হয়ে আসছে।

সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে টানা অস্থিরতার পর স্বর্ণের দামে কিছুটা সাময়িক স্বস্তি দেখা গেলেও, সামগ্রিকভাবে এর বাজারদর এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে- প্রায় আকাশছোঁয়া।

এবার দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই সারা দেশে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভ্যাটসহ স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত স্বর্ণের দাম (ভ্যাটসহ প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম):

• ২২ ক্যারেট: ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা

• ২১ ক্যারেট: ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা

• ১৮ ক্যারেট: ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা

• সনাতন পদ্ধতি: ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা

বাজুস জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের (কেনা) ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

উল্লেখ্য, সবশেষ গতকাল সোমবার (২৩ নভেম্বর) স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা গতকাল সকাল ১০টা থেকে কার্যকর হয়। অর্থাৎ, ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল।

তবে স্বর্ণের দাম স্থির না হওয়ার কারণ অনেকগুলো। সাধারণত যেকোনো দেশে ঝুঁকি এড়াতে সোনা মজুত করে সরকার। কেন্দ্রীয় ব্যাংকগুলোতে সেই পরিমাণ বেড়ে গেলে সোনার মূল্য বৃদ্ধি পায়। অনেক সময় কোনো দেশের মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন ঘটে। সেক্ষেত্রে নিজেদের সম্পদ রক্ষার্থে সোনা বিনিয়োগ করেন ব্যবসায়ীরা। ফলে তাদের কাছে ধাতুটির আকর্ষণ বাড়ে। সেই সঙ্গে দামও ঊর্ধ্বমুখী হয়। আবার ডলারের দাম বাড়লে সোনার দর হ্রাস পায়।

(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খান
বিদেশে পাড়ি দিচ্ছে মেধাবী শিক্ষার্থীরা, মেধা পাচার রোধে প্রয়োজন শিক্ষাব্যবস্থার সংস্কার
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান