পোশাকশ্রমিকদের আন্দোলনে ১৮ দিনে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি: বিজিএমইএ

দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত ১৮ দিনে ৩১৭টি কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে বিদেশি ক্রেতারা বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলার মূল্যের প্রায় ৫৯ মিলিয়ন পিস পোশাকের রপ্তানি আদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন।
বিজিএমইএর এক জরিপে দেখা গেছে, গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত শ্রমিক অসন্তোষ ও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে জরিপে অংশ নেওয়া ৩১৭টি কারখানার উৎপাদন কার্যক্রম সর্বনিম্ন ১ দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে। এতে ফ্রি অন বোর্ড (এফওবি) মূল্য অনুযায়ী কারখানাগুলোর মোট উৎপাদন ক্ষতি হয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার।
সংগঠনটি জানায়, উৎপাদন ব্যাহত হওয়ায় সময়মতো পণ্য জাহাজীকরণ করতে না পারার কারণে অধিকাংশ রপ্তানি আদেশ এখন ঝুঁকির মুখে পড়েছে। ক্রেতাদের আস্থা ও অর্ডার ধরে রাখতে কারখানাগুলোকে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠানো, বড় অঙ্কের মূল্যছাড় দেওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে অর্ডার বাতিলের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। জরিপের তথ্যমতে, ইতোমধ্যে নিশ্চিত হওয়া অর্ডার থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন ক্রেতারা, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার।
বিজিএমইএর মতে, জরিপে উঠে আসা এই পরিসংখ্যান প্রকৃত ক্ষতির আংশিক চিত্র মাত্র। সংগঠনটির দাবি, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি হলেও স্বল্প সময়ের জরিপে মাত্র ৩১৭টি কারখানা তথ্য দিতে পেরেছে। এ ছাড়া জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত থাকলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি এখনো অব্যাহত থাকায় সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সরাসরি আর্থিক ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। বিপুল পরিমাণ রপ্তানি আদেশ অন্য দেশে স্থানান্তরিত হওয়াকে এই আস্থার সংকটেরই প্রতিফলন হিসেবে দেখছে সংগঠনটি।
দেশের অর্থনীতি এবং এই খাতে নিয়োজিত লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে সংকট থেকে দ্রুত উত্তরণ জরুরি বলে মনে করে বিজিএমইএ। শিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
(ঢাকাটাইমস/২৩ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












