জাতীয় ঐক্যে যেতে সরকারকে যে শর্ত দিল এনসিপি

জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার রায় কার্যকর এবং গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে সরকারকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, জাতীয় ঐক্য প্রক্রিয়া শুরুর প্রথম পদক্ষেপ হিসেবে সরকারের গঠিত একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে।
রবিবার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, এসব বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ হলেই কেবল জাতীয় ঐক্য হতে পারে। অন্যথায় আওয়ামী লীগকে ঠেকানোর উদ্দেশ্যে সাময়িকভাবে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে পরে একদলীয় কমিটির সুপারিশ অনুযায়ী সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হতে পারে।
নাহিদ ইসলাম বলেন, আমাদের আহ্বান থাকবে, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিকভাবে বিচার, শেখ হাসিনার রায় কার্যকর এবং সামনে আসন্ন গঙ্গা চুক্তি নবায়নসহ দেশের গুরুত্বপূর্ণ মৌলিক ইস্যুগুলোতে যদি বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ হয়, তবেই কেবল জাতীয় ঐক্য হতে পারে।
তিনি বলেন, জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে। তার ভাষায়, এই পদক্ষেপের মাধ্যমে রাজনৈতিক দলগুলো বুঝতে পারবে যে সরকার সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য চায়।
এনসিপির আহ্বায়ক বলেন, তারা শুধু ডিসেম্বরে জাতীয় ঐক্য চাইবে আওয়ামী লীগ ঠেকানোর জন্য। জানুয়ারি মাসে তারা আবার এই একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে। এই ধরনের কোনো জাতীয় ঐক্য প্রক্রিয়ায় এনসিপি অংশগ্রহণ করবে না।
তিনি আরও বলেন, সংবিধান সংশোধন কমিটি বাতিল ও সংবিধান সংস্কার পরিষদের শপথের মধ্য দিয়ে জাতীয় ঐক্য প্রক্রিয়া শুরু করা যেতে পারে। ধারাবাহিকভাবে জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচারের রায় কার্যকর এবং গঙ্গা চুক্তি নবায়নের ভিত্তিতে এনসিপি জাতীয় ঐক্য গড়ে তুলতে চায়।নতুন ভাষা শিখুন
সরকারের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দেওয়া প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দেশের সংকটকালে সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে এনসিপি তাতে সাড়া দেবে। তবে প্রধানমন্ত্রী কী চান এবং কীভাবে দেশকে এগিয়ে নিতে চান, তা তারা শুনতে চান। সংলাপে এনসিপি তাদের প্রস্তাব ও অবস্থান তুলে ধরবে।
সফরকালে ১৬ নভেম্বর লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের একটি অনুষ্ঠানে হামলার ঘটনাও তুলে ধরেন নাহিদ। তিনি অভিযোগ করেন, অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় পতিত আওয়ামী লীগ সরকারের সমর্থকেরা তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেন। তাকে নিরাপত্তা দিতে গিয়ে ১২ থেকে ১৩ জন আহত হন। তাদের মধ্যে চারজন গুরুতর আহত হয়েছিলেন বলে জানান তিনি।
নাহিদ বলেন, হামলার বিষয়ে যুক্তরাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে তিনি হামলার সময় তাকে ও দলের অন্য নেতাদের নিরাপত্তা দিতে এগিয়ে আসা প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানান।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, গত সাত মাস ধরে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে সরকারকে সতর্ক করে আসছেন। সরকারের যথাযথ পদক্ষেপের অভাবেই পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে বলে তিনি মনে করেন।
নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট থেকেই তারা জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি জাতীয় সরকারের কথা বলে আসছেন। তবে সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা না করা এবং গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার মাধ্যমে বিএনপি জাতীয় ঐক্য ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন তিনি।
পতিত আওয়ামী লীগকে প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সামাজিক ও অন্যান্য শক্তির ঐক্যের ওপরও গুরুত্ব দেন নাহিদ।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষ কোনো রাজনৈতিক দলের ব্যানারে রাজপথে নামেনি। তাই সেই গণঅভ্যুত্থানের ঐক্য ধরে রেখেই ফ্যাসিস্ট শক্তিকে প্রতিরোধ করতে হবে। এ লড়াইয়ে এনসিপি নিজস্ব অবস্থান থেকে রাজপথে থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












