বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শিল্পকারখানায় আগুন, মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তুর দাবি আইআরজিসির

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বাহরাইন কর্তৃপক্ষ। এতে স্থাপনাটির বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে ‘ইরানের আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করেছে। মন্ত্রণালয় জানায়, সিভিল ডিফেন্স বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন এবং এ ঘটনায় কেউ আহত হননি। নিরাপত্তার স্বার্থে ক্ষতিগ্রস্ত স্থাপনাটির নাম বা সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। এর আগে দেশজুড়ে বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয় এবং বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানায় কর্তৃপক্ষ।
এদিকে হামলার পর এক বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে অভিযান চালিয়েছে। হামলায় ওই ঘাঁটিগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস করার দাবিও করেছে বাহিনীটি।
আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ মডেলের দুটি গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘন করায় এবং দেশটির হাঙ্গাম দ্বীপে একটি রাডার স্থাপনায় মার্কিন হামলার জবাবে এই পাল্টা অভিযান চালানো হয়েছে। এর আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছিল, বাহরাইনের শেখ ঈসা ও জুফাইর এলাকায় মার্কিন বাহিনীর ব্যবহৃত দুটি ঘাঁটিতেও হামলা চালিয়েছে আইআরজিসি।
অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা স্থানীয় সংবাদমাধ্যম ‘বাহরাইন নিউজ’-এর বরাত দিয়ে জানিয়েছে, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিহতকারী (ইন্টারসেপ্টর) ক্ষেপণাস্ত্র সিত্রা দ্বীপে আছড়ে পড়ে বড় ধরনের আগুনের সূত্রপাত ঘটায়। প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ত্রুটির কারণেই এমনটি ঘটেছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়।
উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ তেহরানের পাল্টা হামলার শিকার হয়ে আসছে। কয়েক সপ্তাহের বিরতির পর সাম্প্রতিক দিনগুলোতে দেশটিতে পুনরায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে।
(ঢাকাটাইমস/২২ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













