রাতের আঁধারে সংরক্ষিত বনে তালগাছ নিধন, এক সপ্তাহেও টের পায়নি বন বিভাগ

দিনের বেলায় সবুজে ঢাকা শান্ত বন। কিন্তু রাত নামলেই সেই নীরব বনেই চলে গাছ কাটার তৎপরতা। গভীর রাতে করাতের শব্দে একের পর এক কেটে ফেলা হচ্ছে সংরক্ষিত বনাঞ্চলের তালগাছ। গত এক সপ্তাহ ধরে এমন ঘটনা ঘটলেও বন বিভাগের নজরে বিষয়টি আসেনি বলে দাবি সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের চরবহর গ্রামের ম্যাক হ্যাচারির পশ্চিম পাশে সংরক্ষিত বনাঞ্চলে গিয়ে দেখা যায়, বনের বিভিন্ন স্থানে কাটা তালগাছের কাণ্ড ও গোড়া পড়ে রয়েছে। স্থানীয়দের হিসাবে, সেখানে অর্ধশতাধিক তালগাছ কেটে ফেলা হয়েছে। এর পাশাপাশি বেশ কিছু বনজ ও ঔষধি গাছও কাটা হয়েছে। কয়েকটি গাছে তখনো পরিপক্ব তালফল ঝুলতে দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে পরিকল্পিতভাবে এসব গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে এমন তৎপরতা চললেও বন বিভাগের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বলেন, রাতে বনের ভেতর থেকে গাছ কাটার শব্দ শোনা যায়। সকালে সেখানে গিয়ে তিনি একাধিক তালগাছ কাটা অবস্থায় দেখতে পান। বিষয়টি বন বিভাগের স্থানীয় কর্মকর্তাদের জানানো হলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
পরিবেশকর্মী সাইদ চৌধুরী বলেন, তালগাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় নয়, বজ্রপাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংরক্ষিত বনাঞ্চলে নির্বিচারে এতগুলো তালগাছ কেটে ফেলা পরিবেশের জন্য উদ্বেগজনক। দ্রুত গাছ কাটা বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
ঘটনার খবর গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জানার পর ঘটনাস্থলে যায় বন বিভাগের কর্মীরা। সাতখামাইর ফরেস্ট গার্ড আব্দুর রহিম বলেন, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বেশ কিছু তালগাছসহ অন্যান্য গাছ কাটা অবস্থায় দেখেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাটা গাছগুলো জব্দ করে নেওয়া হবে।
সাতখামাইর বিট কর্মকর্তা মো. বিপ্লব হোসেন বলেন, গাছ কাটার খবর পেয়ে দুদিন আগে সেখানে লোক পাঠানো হয়েছিল। তখন দুটি গাছ কাটার বিষয়টি জানা যায় এবং একটি গজারি গাছ জব্দ করা হয়। তবে বর্তমানে যে সংখ্যক গাছ কাটার কথা বলা হচ্ছে, সে বিষয়ে তিনি অবগত নন। বিষয়টি যাচাই করতে আবারও লোক পাঠানো হবে।
শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, সংরক্ষিত বনে এতগুলো গাছ কাটার বিষয়টি তাঁর জানা নেই। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকা টাইমস/২১নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










