নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ সদরদপ্তর

নড়াইলের কালিয়ার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর। পুলিশ জানায়, ওই গ্রামে কোনো হিন্দু বসতি নেই। পুরোনো ভিডিও ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
শনিবার দুপুরে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের তথ্য প্রচার করা হচ্ছে। তবে এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পুলিশের দাবি, ওই এলাকায় কোনো হিন্দু বসতি নেই। সেখানে কোনো হিন্দু পরিবারের ওপর কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।
পুলিশের বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, পূর্বে ধারণ করা এবং এআই দিয়ে তৈরি ভিডিওচিত্র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন। এর মাধ্যমে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বেন্দারচরের ঘটনার বিবরণ দিয়ে বলা হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ছয়টার দিকে নড়াইলের কালিয়া থানার বেন্দারচর সুইচগেট-সংলগ্ন বটতলায় বিএনপির একটি মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান। হামলায় কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন।
এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– বেন্দারচর গ্রামের বুলু বিশ্বাসের ছেলে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১)।
পুলিশের ভাষ্য, ওই হত্যাকাণ্ডের জেরে গত ২০ নভেম্বর বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে নিহত ব্যক্তিদের বিক্ষুব্ধ আত্মীয়স্বজন ও তাদের সঙ্গে থাকা অন্য বিক্ষুব্ধ জনতা বেন্দারচর গ্রামে জড়ো হন। একপর্যায়ে তারা হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর বাড়িতে হামলা চালিয়ে চলে যান।
খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











