ফতুল্লায় ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আজ শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্ল্যাটের দরজা-জানালা সব বন্ধ ছিল। ভোরে বিকট শব্দে বিস্ফোরণের পর ঘরে আগুন ধরে যায়। দগ্ধদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভায় এবং তাঁদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তিনজনকেই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের তীব্রতায় ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র লণ্ডভণ্ড হয়ে গেছে। দুর্ঘটনার পর ওই বাসায় যাওয়া এক প্রতিবেশী জানান, তিনি গ্যাসের চুলার চাবি চালু অবস্থায় পেয়েছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল আল আরেফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইনের সুইচ বা চাবি খোলা থাকলেও রাতে গ্যাস সরবরাহ ছিল না। রাতের কোনো এক সময় গ্যাস সরবরাহ শুরু হলে বন্ধ দরজা-জানালার কারণে তা ফ্ল্যাটের ভেতরে জমে থাকে। ভোরে রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
(ঢাকাটাইমস/২১ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












