জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে, লুকিয়ে রাখতে পারবেন না: শিক্ষামন্ত্রী

জাল সার্টিফিকেট ব্যবহার করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, চাকরি কিংবা সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা গ্রহণকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, জাল সনদধারীদের সামনে দুর্দিন আসছে এবং তারা আর কোনোভাবেই এই জালিয়াতি লুকিয়ে রাখতে পারবেন না।
দেশের শিক্ষাব্যবস্থার গুণগত মান ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “সামনে প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব। সেই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। গতানুগতিক শিক্ষাধারা থেকে বেরিয়ে এসে জ্ঞাননির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।”
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর হলে চলবে না, বরং প্রকৃত জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।
শিক্ষার পরিবেশ এবং পরীক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে জানিয়ে ড. মিলন বলেন, বর্তমানে স্কুলগুলোতে ইসলামী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে এবং আগামী দিনে পর্যায়ক্রমে যার যার ধর্ম অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পুলিশ সুপার বদরুদ্দোজা, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২১ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













