প্রতিটি অফিসে বসানো হবে ‘নো-স্মোকিং’ সাইনেজ, গঠন করা হবে মনিটরিং টিম
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় হবে শতভাগ তামাকমুক্ত

জনস্বাস্থ্য সুরক্ষা ও পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে অধূমপায়ীদের রক্ষায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে অধিদপ্তরের সব অফিসের দৃশ্যমান স্থানে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন করা হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে ‘পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে অধূমপায়ীদের সুরক্ষায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ কার্যালয়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহাপরিচালক।
শাহীনা ফেরদৌসী বলেন, সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ অনুযায়ী জনস্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় ও স্থাপনাকে তামাকমুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে অফিসের দৃশ্যমান স্থানে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন করা হবে।
সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর লক্ষ্য একটি তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। এ লক্ষ্য অর্জনে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের আলোকে সরকারি-বেসরকারি অফিসসহ সব জনসমাগমস্থল শতভাগ ধূমপানমুক্ত রাখা প্রয়োজন।
তিনি বলেন, এর মাধ্যমে অধূমপায়ীরা পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা পাবেন। পাশাপাশি ধূমপায়ীদের মধ্যেও তামাক ছাড়ার প্রবণতা বাড়বে।
অধ্যাপক সোহেল রেজা চৌধুরী আরও বলেন, বাংলাদেশে অকালমৃত্যুর অন্যতম প্রধান কারণ অসংক্রামক রোগ। হৃদরোগ, স্ট্রোক, ক্যানসার ও ডায়াবেটিসের অন্যতম ঝুঁকির কারণ তামাক ব্যবহার। ধূমপান ত্যাগের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই শরীরে ইতিবাচক পরিবর্তন শুরু হয় এবং সময়ের সঙ্গে হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে।
তাই ধূমপায়ীদের তামাক ছাড়তে উৎসাহিত করার পাশাপাশি অধূমপায়ীদের পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে রক্ষায় প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন বলে মত দেন তিনি।
সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, পরোক্ষ ধূমপানের কোনো নিরাপদ মাত্রা নেই। একজন ধূমপায়ীর ত্যাগ করা বিষাক্ত ধোঁয়া আশপাশের অধূমপায়ীদেরও গ্রহণ করতে হয়। এতে হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের দীর্ঘমেয়াদি রোগ ও ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ে। বিশেষ করে শিশু, অন্তঃসত্ত্বা নারী, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসতন্ত্র ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা বেশি ঝুঁকিতে থাকেন।
সভায় উপস্থাপিত গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে (জিএটিএস) ২০১৭-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৩ কোটি ৮৪ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ কর্মক্ষেত্র, বিভিন্ন জনসমাগমস্থল ও গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হন। কর্মক্ষেত্রে কর্মরত প্রাপ্তবয়স্কদের ৪২ দশমিক ৭ শতাংশ, অর্থাৎ প্রায় ৮১ লাখ মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হন।
সভায় আরও বলা হয়, সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ জনসমাগমস্থল ও সরকারি কার্যালয়ে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। তবে আইন কার্যকর করতে দ্রুত বিধিমালা প্রণয়ন জরুরি। এর মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানসহ সব জনসমাগমস্থলে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব, প্রক্রিয়া ও করণীয় আরও স্পষ্ট হবে।
সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় ও স্থাপনাকে শতভাগ তামাকমুক্ত করা, কোনো নির্ধারিত ধূমপানের স্থান না রাখা এবং অফিস প্রাঙ্গণে তামাকজাত দ্রব্যের কেনাবেচা বন্ধের সুপারিশ করা হয়। এ উদ্যোগ বাস্তবায়নে একটি মনিটরিং টিম গঠনের প্রস্তাবও দেওয়া হয়।
এ ছাড়া তামাক কোম্পানির সঙ্গে কোনো ধরনের অংশীদারত্ব বা পৃষ্ঠপোষকতা গ্রহণ না করা এবং এ ক্ষেত্রে তামাক নিয়ন্ত্রণ আইনের ধারা ৫(৩) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসির অনুচ্ছেদ ৫.৩ অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













