আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিস্তাপারের জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনভর এ সফরে তিনি জেলার বিভিন্ন উন্নয়নমূলক ও শিক্ষা সংশ্লিষ্ট একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সরকারপ্রধানের এ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্ধারিত সফরসূচি অনুযায়ী, আজ সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তার নিজ বাসভবন থেকে রাজধানীর তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। সেখান থেকে সকাল ৯টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন তিনি।
সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর প্রধানমন্ত্রী ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন।দুপুরে প্রধানমন্ত্রী লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে লালমনিরহাট সার্কিট হাউসে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দিনভর ব্যস্ত কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।
দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় পর সরকারপ্রধানের আগমনকে কেন্দ্র করে পুরো লালমনিরহাট জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে জেলার বিভিন্ন পর্যায়ে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












