নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলায় নিহত ২

নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আওয়ামী লীগবিরোধী মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপির দুই নেতা নিহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং বিএনপি নেতা সোহেল শেখ (৩৫)।
পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মোটরসাইকেল মিছিল উপজেলার বেন্দারচর গ্রামের বটতলা মোড়ে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় সোহেল মোল্লা গুরুতর আহত হন।
পরে তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
একই ঘটনায় গুরুতর আহত শাহীন মোল্লাকেও কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহীনেরও মৃত্যু হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইদ্রিস আলী হামলা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
(ঢাকা টাইমস/১৮নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












