নকল চাবি দিয়ে

চট্টগ্রামে পুলিশের পিকআপ চুরি

চট্টগ্রাম ব্যুরো
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৬, ২০:৫৫| আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ২১:০২
অ- অ+

চট্টগ্রাম নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। নকল চাবি দিয়ে গাড়িটি স্টার্ট করে এক ব্যক্তি নিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নগরের ছোটপুল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানার একটি মোবাইল পেট্রোল টিমের সদস্যরা দুপুরে পিকআপটি জেলা পুলিশ লাইনের সামনের সড়কের পাশে রেখে পাশের একটি ক্যান্টিনে নাশতা করতে যান।

পরে বিকাল পৌনে তিনটার দিকে ফিরে এসে তাঁরা পিকআপটি নির্ধারিত স্থানে দেখতে পাননি। এরপর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা শুরু করে পুলিশ।

ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি নকল চাবি ব্যবহার করে পিকআপটি স্টার্ট করেন। এরপর দ্রুত গাড়িটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএমপির সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, হালিশহর থানার মোবাইল পেট্রোল টিমের সদস্যরা গাড়িটি সড়কের পাশে রেখে নাশতা করতে গিয়েছিলেন। এই সুযোগে নকল চাবি দিয়ে এক ব্যক্তি পিকআপটি নিয়ে যান।

তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরকে শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে চুরি হওয়া পিকআপটি উদ্ধারে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। বিভিন্ন স্থানে তল্লাশিও চালানো হচ্ছে।

দিনদুপুরে জেলা পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের নিজস্ব গাড়ি চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গাড়িটি উদ্ধার ও জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা করছে অপশক্তি: সংসদে স্পিকার
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম
‘সন্ত্রাসী গোষ্ঠীকে’ রুখতে ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
ডিএসসিসি প্রশাসকের সামনেই বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নেতাকে ঘুসি