ড. ওসমান ফারুক রাজনীতি ছেড়ে দিতে ১৪/১৫ বছর বেশী সময় নিলেন

ড. ওসমান ফারুক সরকারী দলের সংসদ সদস্য হবার পরও পদত্যাগ করেছেন। সরকারী দলে দ্বিতীয় আর কোন সংসদ সদস্যের অস্তিত্ব আমার জ্ঞাতিতে নেই, যিনি শিক্ষা, প্রফেশন ও সততায় ওসমান ফারুকের চেয়ে বেশী। এরকম একজন মানুষকে যে দল ধরে রাখতে পারে নি, সে দলের ভবিষ্যৎ অন্ধকার হতে বাধ্য।
শীর্ষনেতার ব্যক্তিগত কর্মচারী, উনার পছন্দের কতক ব্যবসায়ী, অন্যদল থেকে ৮০-র দশকের পরে কিংবা স্বৈরাচার এরশাদের পতনের পর দলে আসা এরশাদের কতক দোসর ও অন্য দলের কতক ক্ষমতালোভী মানুষ, শীর্ষনেতার ব্যক্তিগত কর ও সাধারণ আইনজীবি এবং উনার পারিবারিক চিকিৎসক সহ কিছু মানুষ দল ও দলটির সরকারকে অবরুদ্ধ করে রেখেছে। দলের ত্যাগী, শিক্ষিত, সৎ ও পুরনো নেতা-কর্মীর জন্য সম্মানের সাথে দলটির রাজনীতি করার কোন সুযোগই আর নেই। অন্য কয়েকটি ছোট ছোট দল থেকে কয়েকজনকে ভাড়ায় এনে সরকারের ও দলের হয়ে কথা বলার সুযোগ করে দিয়ে দলটিকে প্রতিদিনই অজনপ্রিয় করে তোলা হচ্ছে।
তাছাড়া দলের পুরনো ও যোগ্য নেতাকর্মীদের জন্য এটা এক রকমের শাস্তি যে, নিজনিজ বাসায় বসে এসব ভাড়াটিয়া লোক কি বলছেন, তা বসে বসে শুনতে হয়। সূতরাং ড. ওসমান ফারুক সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলেই প্রতীয়মান হচ্ছে। উল্লেখ্য যে, এখন থেকে আরো ১৪/১৫ বছর আগেই লাল্টু যা বুঝতে পেরেছিলো, কিংবা বুঝতে পারার পর রাজনীতি ছেড়ে দিয়েছিলো, ড. ওসমান ফারুক তা বুঝে রাজনীতি ছেড়ে দিতে ১৪/১৫ বছর বেশী সময় নিলেন।
দেরিতে হলেও তিনি এরকম একটি সিদ্ধান্ত নিয়ে পৃথিবীর সব উচ্চ শিক্ষিত, সৎ ও ত্যাগী মানুষের প্রতি সুবিচার করলেন বলেই মনে করছি। উনার সাথে আমার ব্যক্তিগত কয়েকটি স্মৃতি আছে। ভবিষ্যতে প্রসংগ পেলে সেসব নিয়ে বলার ইচ্ছা আছে। যেখানেই থাকুন না কেন, তিনি ভালো থাকুন। তার সুস্বাস্থ্য কামনা করছি।
লেখক: ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি
(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













